গৃহকর নিয়ে অনড় নাছির
হরতালের হুমকি থাকলেও নতুন পদ্ধতিতে গৃহকর বা হোল্ডিং ট্যাক্স আদায়ে অনড় অবস্থানের কথা আবারও জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।
তিনি বলেছেন, “বিত্তবান ও সক্ষম নাগরিকদের সরকার নির্দিষ্ট হারে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে হবে। কারণ হোল্ডিং ট্যাক্সের ওপর নির্ভর করে সিটি করপোরেশনের যাবতীয় সেবা ও প্রশাসনিক ব্যয় নির্বাহ হয়ে থাকে।
“তবে নিঃস্ব, হতদরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীর হোল্ডিং ট্যাক্স মওফুক থাকবে। অস্বচ্ছলদের উপরও কোনো ধরনের জুলুম করা হবে না।”
শুক্রবার বিকালে নগরীর ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের শ্যামলী আবাসিক এলাকায় স্থানীয়দের মধ্যে বিন বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তার একদিন আগে বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নতুন নিয়মের পরিবর্তে পুরনো নিয়ম অনুসারে স্থাপনার বর্গফুট অনুযায়ী হোল্ডিং ট্যাক্স আদায়ের দাবি জানায় ‘চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদ’।
ওই সংবাদ সম্মেলন থেকে হোল্ডিং ট্যাক্স নিয়ে সিদ্ধান্ত ঠিক করতে চট্টগ্রাম সিটি করপোরেশনকে এক মাস সময় বেঁধে দেওয়া হয়। এর মধ্যে দাবি না মানলে হরতালসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা।
গত বছরের ২১ মার্চ আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সিটি করপোরেশনের ‘পঞ্চবার্ষিকী কর মূল্যায়ন কর্মসূচি’ উদ্বোধন করে মেয়র নাছির ‘হোল্ডিং ট্যাক্স’ আদায়ে ‘জিরো টলারেন্স’ থাকবে বলে জানিয়েছিলেন।
ওই অনুষ্ঠানেই করপোরেশনের কর্মকর্তারা ১৯৮৬ সালের অধ্যাদেশ অনুযায়ী বর্গফুটের পরিবর্তে স্থাপনার ভাড়ার ভিত্তিতে ১৭ শতাংশ গৃহকর আদায়ের সিদ্ধান্তের কথা জানান।
গত কয়েকমাস ধরে কর্মকর্তারা সে অনুযায়ী নতুন হারে ট্যাক্স নির্ধারণের কাজ করছেন।
গৃহকর বাড়ানো নিয়ে গত বছরের মাঝামাঝি মেয়র নাছিরের সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছিলেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
অন্যদিকে নির্বাচনী প্রচারের সময় কর না বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও পুনর্মূল্যায়ন শুরুর সময় থেকে নাছির বলছেন, হোল্ডিং ট্যাক্স বাড়ানোর এখতিয়ার সরকারের। তিনি কেবল মন্ত্রণালয়ের অধ্যাদেশ অনুসারে কর আদায়ের চেষ্টা করছেন।
শুক্রবারের অনুষ্ঠানে মেয়র নাছির বলেন, চট্টগ্রামকে বাসপোযোগী, নান্দনিক ও বিশ্বমানের নগরী হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়ন, সড়ক সম্প্রসারণ, খালের ধারণ ক্ষমতা বৃদ্ধি এবং অবৈধ দখল উচ্ছেদসহ নানা পরিকল্পনা নেওয়া হয়েছে।
“আশা করি, তিন বছরের মধ্যে শতভাগ নাগরিক সেবা দেওয়া সম্ভব হবে। এজন্য পরিকল্পনা বাস্তবায়নে নগরবাসীর সহযোগিতা কামনা করছি।”
