২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপালে বিদ্যুৎকেন্দ্র বাতিলে সাইকেল র‌্যালি চট্টগ্রামে

সুন্দরবনের কাছে রামপালে বিদ্যুৎকেন্দ্র বাতিল চেয়ে চট্টগ্রামে সাইকেল র‌্যালি করেছে যুব ইউনিয়ন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2017, 08:26 PM

Updated : 19 Aug 2022, 03:28 PM

শুক্রবার নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার এ কর্মসূচির উদ্বোধন করেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, চট্টগ্রাম জেলার সদস্য সচিব দেলোয়ার মজুমদার।

পরিবেশ রক্ষায় সচেতনতা বিষয়ক ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে সাইকেল র‌্যালিতে অংশ নেয় তরুণরা।  

র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়।

কর্মসূচির উদ্বোধন শেষে দেলোয়ার মজুমদার বলেন, সুন্দরবনের বিকল্প না থাকা সত্ত্বেও ভারতীয় স্বার্থে সরকার এ প্রকল্প বাস্তবায়ন করার চেষ্টা করছে। জনগণ কখনো পরিবেশ বিধ্বংসী এ প্রকল্প হতে দেবে না।

দেশ-বিদেশের নানা সংস্থা উদ্বেগ জানানো সত্ত্বেও সরকারি এ প্রকল্প বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, এটি বিশ্বসম্পদ। সরকারকে অবশ্যই এ চুক্তি বাতিল করতে হবে।

রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল চেয়ে জাতীয় কমিটির ২৬ জানুয়ারির অর্ধ-দিবস হরতাল পালনে এগিয়ে আসতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

কর্মসূচির উদ্বোধনীতে অন্যদের মধ্যে কমিউনিস্ট পার্টি, চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক অশোক সাহা; যুব ইউনিয়ন, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক উজ্বল শিকদার ও জাতীয় কমিটির চট্টগ্রাম অঞ্চলের নেতা রাহাত উল্লাহ জাহিদ বক্তব্য রাখেন।

সমাবেশে সভাপতিত্ব করেন যুব ইউনিয়ন, চট্টগ্রাম জেলার সহ-সভাপতি শ্যামল ধর।