সীতাকুণ্ডে গাড়িচাপায় কনস্টেবল নিহত
আসামি ধরতে রাস্তা পার হওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় গাড়িচাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত বাহার উদ্দিন (২২) সীতাকুণ্ড থানার কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি নোয়াখালী জেলায়।
সীতাকুণ্ড থানার এএসআই মোহাম্মদ ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাঁশবাড়িয়া এলাকায় একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে অভিযানে গিয়েছিলেন কনস্টেবল বাহার।
“তিনি ছিলেন মহাসড়কের পশ্চিম পাশে। রাস্তার পূর্ব পাশে ওই আসামি ছিল। আসামিকে ধরতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি লরি তাকে চাপা দেয়।”
স্থানীয়দের সহায়তায় পুলিশ সদস্যরা বাহারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
চমেক পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাহার উদ্দিনকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
সীতাকুণ্ড থানার এএসআই মোহাম্মদ ইউসুফ বলেন, লরির চালক আবদুল কুদ্দুসকে (২৮) এবং তার লরিটি আটক করা হয়েছে।
