চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাখ টাকা জরিমানা
চট্টগ্রামে দুটি আলাদা অভিযানে বিভিন্ন ধরনের অপরাধে ১৫ জনকে এক লাখ ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার নগরীর গোসাইলডাঙ্গা, নিমতলা ও বায়েজিদ এলাকায় এ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।
ফুটপাত ও রাস্তা দখল করে দোকানের সামগ্রী রেখে পথচারী ও পানি চলাচলে বাধা তৈরি করায় গোসাইলডাঙ্গা এলাকায় সাত ব্যবসায়ীকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেন সিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট যুথিকা সরকার।
এর মধ্যে মেসার্স আইয়ুব অ্যান্ড সন্সের মালিককে পাঁচ হাজার টাকা, বখতেয়ার অ্যান্ড সন্সকে ১০ হাজার টাকা, হাজী বিরিয়ানী হাউজকে পাঁচ হাজার টাকা ও মেজবান বাড়ি নামের দোকানের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া নিমতলা বিশ্বরোডে নালা ও রাস্তা দখল করে কাঠের স্তুপ রাখায় আলমগীর এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, একই অপরাধে মানিক ও কামাল নামের দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে নগরীর বায়েজিদ এলাকায় অভিযানে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোয় ও লাইসেন্স না থাকায় হোটেল মালিকসহ নয়জনকে মোট ৫২ হাজার টাকা জরিমানা করেন সিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন।
খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোয় ক্যাফে বায়েজিদকে ১৫ হাজার টাকা, মদিনা হোটেলকে পাঁচ হাজার টাকা, ট্রেড লাইসেন্স না থাকায় আঁখি সুজকে পাঁচ হাজার টাকা, ফুল বিতানকে পাঁচ হাজার টাকা, কেয়ার অ্যান্ড কিউরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মুক্তা হার্ডওয়্যারকে পাঁচ হাজার টাকা, তেলের দোকানদার মইনুদ্দিনকে পাঁচ হাজার টাকা, মোহাম্মদ সোহেলকে পাঁচ হাজার টাকা ও ফলের দোকানদার আবু বকরকে দুই হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
