ভয় পেয়ে সমাবেশে বাধা: শাহাদাত
ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন বলেছেন, ‘জনস্রোতকে ভয় পেয়ে’ সরকার ওই সমাবেশ করতে দেয়নি।
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার কাজীর দেউড়িতে দলীয় কার্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি।
শাহাদাত বলেন, “জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণকে সাথে নিয়ে উন্নয়নের নামে যে লুটপাট হচ্ছে সেটার বিরুদ্ধে খালেদা জিয়া রাজপথে থাকবেন।
খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাব মেনে নিয়ে নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার গঠনের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহবান জানান এই বিএনপি নেতা।
৫ জানুয়ারিতে আওয়ামী লীগের ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালনকেও ‘হাস্যকর’ মন্তব্য করে শাহাদাত বলেন, “ভূঁইফোড় সংগঠনগুলো সমাবেশ করতে পারে, অথচ বিএনপিকে সরকার কোনো সমাবেশ করতে দেয় না।”
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক চাকসু ভিপি বিএনপি নেতা মো. নাজিম উদ্দিন, বিএনপি নেতা এম এ আজিজ, এস এম সাইফুল ইসলাম ও শেখ নুরুল্লাহ বাহার।
