২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়েছে ৬ ঘর

চট্টগ্রাম নগরী ও বোয়ালখালী উপজেলায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ছয়টি বসত ঘর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2017, 12:09 PM

Updated : 11 Apr 2022, 10:46 PM

বোয়ালখালী ফায়ার স্টেশনের কর্মকর্তা শোয়েব মুন্সী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত পৌনে ২টার দিকে বোয়ালখালী উপজেলার মোল্লারচরের ধনের দোকান এলাকায় চারটি ঘর আগুনে পুড়ে যায়।

বোয়ালখালী স্টেশনের একটি গাড়ি নিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় অশোক কুমার (৩৫) নামে একজন আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, “অশোক নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

শোয়েব মুন্সী জানান, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। ঘর ও আসবাবপত্র পুড়ে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।

এদিকে বন্দরনগরীর চান্দগাঁও থানার মোহরা আবদুল সওদাগর বাড়ি এলাকায় আগুনে দুটি আধাপাকা ঘর পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর প্রহ্লাদ সিংহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রান্নার চুলা থেকে লাগা আগুনে সানোয়ারা বেগম ও শামসুন্নাহারের মালিকানাধীন দুটি ঘর পুড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

রাত পৌনে ১টার দিকে আগুনের সূত্রপাত হওয়ার পর কালুরঘাট স্টেশনের দুটি গাড়ি নিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে প্রহ্লাদ সিংহ জানান।