২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিল চেয়ে চট্টগ্রামেও ‘প্রতিরোধ দিবস’ পালন

সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ ঠেকাতে ‘বৈশ্বিক প্রতিরোধ দিবস’ পালন করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির চট্টগ্রাম আঞ্চলিক শাখা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2017, 08:42 PM

Updated : 25 Jul 2022, 08:52 PM

শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিল চেয়ে সমাবেশ ও মিছিলের কর্মসূচির মাধ্যমে এই প্রতিরোধ দিবস পালন করে জাতীয় কমিটির চট্টগ্রাম অঞ্চলের নেতাকর্মীরা।

সমাবেশে জাতীয় কমিটির চট্টগ্রাম অঞ্চরের সদস্য সচিব দেলোয়ার মজুমদার বলেন, সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। এর প্রতিবেশ-পরিবেশ রক্ষা আমাদের সকলের দায়িত্ব।

এ বনকে ‘বাঁচাতে’ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শিগগির ‘সুন্দরবন বিধ্বংসী’ রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিলের আহ্বান জানিয়ে জাতীয় কমিটির চট্টগ্রাম জেলার যুগ্ম আহ্বায়ক জানে আলম বলেন, “বিদ্যুৎ উৎপাদনে অনেক পথ আছে। সুন্দরবন ধ্বংস করে বিদ্যুৎ দেশবাসী চায় না।”

আগামী ২১ জানুয়ারির মধ্যে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি বাতিল না করলে জাতীয় কমিটি অর্ধদিবস হরতাল পালনের ঘোষণা দিয়েছে।

সমাবেশ শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে অন্যদের মধ্যে কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম জেলার সদস্য সচিব অশোক সাহা, গণমুক্তি ইউনিয়নের জেলা সভাপতি রাজা মিয়া, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা সমন্বয়ক মহিন উদ্দিন, গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার সমন্বয়ক হাসান মারুফ রুমি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-মার্কসবাদী) জেলা সদস্য সচিব অপু দাশগুপ্ত বক্তব্য রাখেন।