২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন ভুলে দিল্লী

ঘরে ফিরতে গিয়ে ভুল ট্রেনে চড়ে ভারতের দিল্লী চলে যাওয়া এক শিশুকে ফেরত পেয়েছে তার পরিবার।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2017, 09:07 PM

Updated : 19 Aug 2022, 03:23 PM

বৃহস্পতিবার চট্টগ্রামের বেসরকারি উন্নয়ন সংস্থা ‘অপরাজেয় বাংলাদেশ’র সহযোগিতায় ভারতের দিল্লী থেকে মো. ইয়ামিন (১২) নামের শিশুটি দেশে ফেরে।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের উপস্থিতিতে শিশুটিকে তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেয় ‘অপরাজেয় বাংলাদেশ’র প্রতিনিধিরা।

ইয়ামিন কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার মতলবপুর গ্রামের মৃত আবদুল কাদেরের সন্তান।

অপরাজেয় বাংলাদেশের প্রকল্প পরিচালক মাহবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চার মাস আগে ইয়ামিন বাড়ি থেকে পালিয়ে চট্টগ্রাম চলে আসে। চট্টগ্রাম থেকে বাড়ি ফিরতে গিয়ে ভুল ট্রেনে সে ঢাকায় চলে যায়।

“ঢাকা থেকে আবারে বাড়ি ফিরতে গিয়ে ভুল ট্রেনে সে পৌঁছে যায় খুলনায়। সেখানে থেকে ঢাকা ফিরতে ভুলে মৈত্রী এক্সপ্রেসে উঠে পড়লে পশ্চিমবঙ্গের শিয়ালদহ রেলস্টেশনে গিয়ে পড়ে। তারপর প্রায় এগারদিন সে কয়েকটি ট্রেনে ভ্রমণ করে দিল্লী গিয়ে নামে।”

মাহবুবুল আলম জানান, ইতস্তত ঘোরাফেরা করার সময় দিল্লী রেলস্টেশনের চাইন্ড হেল্প লাইনের কর্মীদের নজরে পড়ে ইয়ামিন। এরপর থেকে সেখানকার ‘বাটারফ্লাই’ নামের শিশুদের নিয়ে কাজ করা এক সংগঠনের কাছে ছিল এই শিশু।

ইয়ামিনের পরিবার ‘অপরাজেয় বাংলাদেশ’র সঙ্গে যোগাযোগ করে জানিয়ে বেসরকারি সংস্থাটির এই প্রকল্প পরিচালক বলেন, “দুই সপ্তাহ আগে ইয়ামিন তার বড় বোন কাকলির সঙ্গে ফোনে যোগাযোগ করে। পরে ইয়ামিনের পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাকে ফিরিয়ে আনার ব্যাপারে সহযোগিতা করি।

“বৃহস্পতিবার নগর ভবনে সিটি মেয়রের উপস্থিতিতে শিশু ইয়ামিনকে তার পরিবারের কাছে আমরা হস্তান্তর করি।”

ইয়ামিনের মা শামসুন নাহারের বরাত দিয়ে মাহবুবুল আলম বলেন, এর আগে মাত্র ছয় বছর বয়সে আরও একবার ইয়ামিন ঘর থেকে পালিয়ে ঢাকায় চলে যায়।

সেখানে গৃহকর্মীর কাজ করার সময় নির্যাতনে ইয়ামিনের একটি চোখও ক্ষতিগ্রস্ত হয়ে যায় বলে জানান তিনি।

এসময় অন্যদের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ল্যাফটেনেন্ট কর্নেল মহিউদ্দিন আহমদ, শহর সমাজসেবা প্রকল্প-১ এর কর্মকর্তা মো. ওয়াহিদুল আলম, অপারেজয় বাংলাদেশের প্রশিক্ষণ কর্মকর্তা রেহানা চৌধুরী, শিশু উন্নয়ন ব্যবস্থাপক ঝুমড়ী বড়ুয়া উপস্থিত ছিলেন।