২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনে আ. লীগকর্মীদেরও ডাকলেন নোমান

আওয়ামী লীগের ‘ভোটাধিকার বঞ্চিত’ সাধারণ কর্মীদেরও জনগণের কাতারে এসে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2017, 06:49 PM

Updated : 11 Oct 2022, 01:16 PM

দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে বৃহস্পতিবার চট্টগ্রামে গণতন্ত্র হত‌্যা দিবসের কর্মসূচিতে বক্তব‌্যে এই আহ্বান জানান তিনি।

নোমান বলেন, “যারা আওয়ামী লীগ করেছে কিন্তু আওয়ামী লীগকেও ভোট দিতে পারেন নাই, তাদের আহবান জানাই, আপনারা জনতার কাতারে চলে আসুন।

“যদি দেশ না থাকে, দেশের অর্থনীতি না থাকে, তাহলে আওয়ামী লীগের কতিপয় লোক আঙুল ফুলে কলা গাছ হবে, তাতে আওয়ামীল লীগের সাধারণ কর্মীদের কোনো লাভ হবে না। তাই আপনারা জনগণের জন্য কাজ করুন। জনগণের জন্য কাজ না করলে জনতা আপনাদের রেহাই দেবে না।”

বিএনপির বর্জনের মধ‌্যে ২০১৪ সালে অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে সংসদ সদস‌্য বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। ফলে ওই ১৫৩টি আসনে কোনো ভোট করতে হয়নি।

দশম সংসদ নির্বাচনের পর থেকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি, তবে তাকে সরকারের কোনো সাড়া নেই। 

নোমান বলেন, “ইতিহাসের লিখন হচ্ছে কোনো স্বৈরাচারী তার ক্ষমতাকে চিরস্থায়ী করতে পারে না। নেপোলিয়ন থেকে হিটলার কেউ পারে নাই। জনতার সংগ্রামে তাদের পতন হয়েছে। আওয়ামী লীগও পারবে না।”

খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রসঙ্গ ধরে তিনি বলেন, “খালেদা জিয়ার পাওয়ার কিছু নাই, চাওয়ারও কিছু নাই। তিনি জনগণের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজকে লড়াই করছেন।

“তাকে মিথ্যা মামলা দিয়ে আজকে জর্জরিত করা হচ্ছে। মিথ্যা মামলায় তিনি ভীত নন। বিএনপির কোনো নেতাকর্মী ভীত নয়। জনগণকে সাথে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এ সরকারের পতন ঘটানো হবে।”

আন্দোলন-সংগ্রাম বেগবান করতে প্রয়োজনে পুলিশের গুলিতে বুক পেতে দেওয়ারও ঘোষণা দেন নোমান।

চট্টগ্রাম বিএনপিতে ত্যাগী নেতাদের মূল্যায়নের ইঙ্গিত দিয়ে কেন্দ্রীয় এই নেতা বলেন, “মহানগরীতে সদস্য সংগ্রহ করেন। জোর করে নেতা বনে যাবেন, সেটা হবে না। গাছের ফল দেখে বৃক্ষকে মূল্যায়ন করা হবে।”

পুলিশ ও জনগণের মধ্যে এখনো সুসম্পর্ক আছে মন্তব্য করে পুলিশকে বিএনপি নেতাকর্মীদের অহেতুক নির্যাতন না করার অনুরোধ জানান সাবেক মন্ত্রী নোমান।

কাজীর দেউড়িতে দলীয় কার্যালয় চত্বরের এই সমাবেশে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন বলেন, “বিএনপির যে ১৩ দফা প্রস্তাব, সেটা যদি বাস্তবায়ন হয়, তাহলে দেশে রাজনৈতিক জটিলতা কেটে যাবে। কিন্তু আওয়ামী লীগ সে ব্যাপারে আন্তরিক নয়।”

বৃহস্পতিবারের সমাবেশের জন্য নগরীতে তিনটি স্থান চেয়ে পুলিশের কাছে আবেদন করলেও কয়েকটি শর্তে দলীয় কার্যালয় চত্বরে সমাবেশের অনুমতি পায় নগর বিএনপি। শর্ত অনুযায়ী কালো পতাকা, ব্যানার ছাড়াই সমাবেশে অংশ নেয় বিএনপি’র নেতাকর্মীরা।