অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকায় দুই প্রতিষ্ঠানের জরিমানা
অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকায় চট্টগ্রামে রাসায়নিক দ্রব্য বিক্রির দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি থানার আসাদগঞ্জ এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান এ জরিমানা করেন।
ম্যাজিস্ট্রেট তাহমিলুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকায় আমির পারফিউম ও সূচনা ক্যামিকেলস নামের দুইটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
“আমির পারফিউম সেন্টারের গুদামে বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য রাখা হলেও সেখানে ফায়ার এক্সিটিংগুইসার নেই।”
এছাড়াও গুদামের বিদ্যুতের তারগুলোও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল জানিয়ে তাহমিলুর বলেন, “এসব কারণে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
অপরদিকে সূচনা ক্যামিকেলের গুদামে অগ্নিনির্বাপক ব্যবস্থা না রেখে ৫ হাজার ৪০০ লিটার স্পিরিট রাখার অপরাধে প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠান দুইটির আশপাশের বসতি সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তাহমিলুর।
