চট্টগ্রামে দুই শিশু পার্ক তুলে দিয়ে নভোথিয়েটার, স্মৃতিসৌধ
বিনোদনের অপ্রতুল সুযোগের মধ্যেই চট্টগ্রামের দুটি শিশু পার্ক বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে গণপূর্ত মন্ত্রণালয় ও সিটি করপোরেশন। এই দুই স্থানে নভোথিয়েটার ও স্মৃতিসৌধ করার পরিকল্পনা রয়েছে।
বাণিজ্যিক রাজধানীখ্যাত এ শহরে আরও পাঁচটি পার্ক থাকলেও শিশুদের ভিড় মূলত তাদের জন্য বিশেষায়িত আগ্রাবাদের কর্ণফুলি শিশু পার্ক ও কাজীর দেউড়ির সার্কিট হাউজ শিশু পার্কে।
পার্ক দুটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে গণপূর্ত মন্ত্রণালয় ও চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)। ঘোষণা বাস্তবায়িত হলে চট্টগ্রাম ‘শিশু পার্ক শূণ্য’ নগরে পরিণত হবে বলে আশঙ্কা নগরবাসীর।
অন্যদিকে সিসিসি বলছে, শিশুদের জন্য পার্ক নির্মাণে শহরের প্রান্তে জায়গা খোঁজা হচ্ছে। জায়গা পেলেই নতুন করে শিশু পার্ক বানানো হবে।
১৯৯১ সালে আগ্রবাদের জাম্বুরি মাঠ সংলগ্ন ৮ দশমিক ৮৬ একর জমি সিটি করপোরেশনকে ইজারা দেয় গণপূর্ত মন্ত্রণালয়। ২০০০ সালে সিসিসির সঙ্গে ২৫ বছরের চুক্তিতে সেখানে শিশু পার্ক বানায় আনন্দমেলা লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।
অনুমতি ছাড়া পার্ক নির্মাণের কারণ দেখিয়ে ২০০৩ সালে সিসিসির ইজারা বাতিল করে গণপূর্ত মন্ত্রণালয়। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করে সিটি করপোরেশন।
মামলাটি বিচারাধীন থাকলেও গত ২৪ ডিসেম্বর জাম্বুরি মাঠ পরিদর্শনে এসে কর্ণফুলি শিশু পার্কের জায়গায় নভোথিয়েটার বানানোর ঘোষণা দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
জেলায় জেলায় নভোথিয়েটার বানানোর মহাপরিকল্পনার অংশ হিসেবে ‘অনুমোদনহীন’ জমিতে গড়ে ওঠা শিশু পার্কটি উচ্ছেদ করা হবে বলেও জানান তিনি।
দুইদিন পর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন সার্কিট হাউজ শিশু পার্ক উচ্ছেদ করে সেখানে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে একটি স্মৃতিসৌধ নির্মাণের ঘোষণা দেন।
কাজীর দেউড়ি এলাকার এ পার্কটি ১৯৯২ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে ইজারা নেওয়া হয় বলে জানান মেয়র। চার বছর পর ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেস নামের একটি প্রতিষ্ঠান ২৫ বছরের চুক্তিতে সেখানে শিশু পার্ক গড়ে তোলে।
দুই পার্ক উচ্ছেদের মধ্যেই শিশুদের জন্য নতুন পার্ক নির্মাণের চিন্তা আছে বলেও জানান তিনি।
“নগরীর শিশুদের আমরা বিনোদনহীন রাখব না। তাদের জন্য আমাদের বিকল্প চিন্তা আছে।”
আগ্রাবাদ আর কাজীর দেউড়ির পার্ক ছাড়াও কোতোয়ালির লালদিঘী মসজিদ সংলগ্ন পার্ক, পাঁচলাইশ এলাকার জাতিসংঘ পার্ক ও বিপ্লব উদ্যান সিসিসির পরিচালনায় আছে।
এছাড়া খুলশীর ‘কনকর্ড এমিউজমেন্ট পার্ক’ ও বহদ্দারহাটের স্বাধীনতা কমপ্লেক্সে শিশুদের বিনোদনের জন্য পৃথক রাইড রয়েছে।
শিশুদের জন্য নির্মিত পার্ক দুটি ‘মানসম্মত’ নয় উল্লেখ করে নাছির নতুন জায়গায় পার্ক নির্মাণের পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন, “বর্তমানে যেগুলো আছে সেগুলো মানসম্মত নয়; আমরা জায়গা খুঁজছি। শহরের সীমান্তবর্তী এলাকায় জায়গা পেলে আমরা সেখানে শিশুদের জন্য দৃষ্টিনন্দন পার্ক নির্মাণ করব।”
নতুন পার্কে সপ্তাহে একদিন ছিন্নমূল শিশুরা বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে বলেও জানান নাছির।
এদিকে বিদ্যমান দুটি শিশু পার্ক উচ্ছেদের বিরোধিতা করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, উচ্ছেদের চিন্তা বাদ দিয়ে সিটি করপোরেশনের উচিত শিশুদের জন্য ওয়ার্ডপ্রতি অন্তত একটি বিশেষায়িত পার্ক বানানো।
“নগরীর ৪১টি ওয়ার্ডে শিশু পার্ক হওয়া উচিত; বড় পরিসরে না হলেও ছোট ছোট শিশু পার্ক করা যায় প্রতিটি ওয়ার্ডে, ” বলেন নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী আলী আশরাফ।
তিনি বলেন, “সিটি করপোরেশন চাইলে মন্ত্রণালয়ের প্রস্তাবিত নভো থিয়েটারের পাশেও শিশু পার্কটি রাখতে পারে। তাহলে বিনোদন এবং নভোমণ্ডল সম্পর্কে ধারণা দুটিই শিশুরা পাবে।”
শিশুদের পরিপূর্ণ শারিরীক ও মানসিক বিকাশের জন্য পার্কের দরকার মন্তব্য করে এ নগর পরিকল্পনাবিদ চট্টগ্রামের বাকলিয়া, কুলগাঁও ও কুয়াইশ এলাকায় পার্কের জন্য উপযুক্ত জায়গা রয়েছে বলে জানান।
