চট্টগ্রামে সেন্ট্রাল প্লাজাকে জরিমানা
ফায়ার সার্ভিসের ছাড়পত্র না থাকায় চট্টগ্রামের জিইসি মোড়ের সেন্ট্রাল প্লাজা নামের বিপণী বিতানকে এক লাখ টাকা জরিমানা করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান ও সাবরীনা রহমানের নেতৃত্বে কয়েকটি বিপণী বিতানে অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেন্ট্রাল প্লাজায় অভিযানের সময় দেখা যায় তাদের ফায়ার সার্ভিসের কোনো ছাড়পত্র নেই।
“মার্কেটটিতে ইতিমধ্যে দুই বার আগুন লেগেছে। অথচ প্রয়োজনীয় কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। ১৬৬টি দোকানের বহুতল মার্কেটে প্রতিদিন কয়েক হাজার লোক সমাগম ঘটে। কিন্তু মার্কেটের তিনটি সিঁড়ির একটি সম্পূর্ণ বন্ধ থাকে।”
এসব কারণে ওই মার্কেটকে এক লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান তাহমিলুর রহমান।
তিনি জানান, তামাকুমণ্ডি লেনে দেখা গেছে প্রায় পাঁচ হাজার দোকান আছে। এখানকার অধিকাংশ দোকান কাপড় ও ইলেকট্রনিক্সের।
“মার্কেটের গলিগুলো সরু। রাস্তা দখল করে অবৈধ দোকান তোলা হয়েছে। রাস্তা এত সরু যে দুই জন পাশাপাশি হাঁটতে পারবে না। আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়িও ঢুকবে না।
“মার্কেটটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এখানে ঝুঁকিপূর্ণ কয়েকটি ভবনও আছে। আগুন নেভানোর জন্য পানির কোনো উৎসও নেই।
“রাতের বেলা গেটগুলো বন্ধ থাকে। কোনো দুর্ঘটনা হলে মানুষ বের হওয়ার সুযোগও পাবে না। এখানে আগুন লাগলে বা ভূমিকম্প হলে সমূহ ক্ষতির সম্ভাবনা আছে।”
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভ্রাম্যমান আদালত তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির সভাপতি আবদুল খালেক ও সাধারণ সম্পাদক আবুল হোসনকে এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান।
নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার
চট্টগ্রাম নগরীর গোলাম রসুল মার্কেটে অভিযান চালিয়ে সাড়ে পাঁচশ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহিদুর রহমানের নেতৃত্বে এ অভিযান চলে।
অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা বলেন, অভিযানে গোলাম রসুল মার্কেটের সিফাত এন্টারপ্রাইজের গুদামে প্রায় পাঁচশ কেজি এবং জাহিদ স্টোর থেকে ৫০ কেজি পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়।
“প্রতিষ্ঠান দুটিকে যথাক্রমে ৫০ হাজার এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়।”
অভিযানে অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক ফখর উদ্দীন চৌধুরী এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
