২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পজিটিভ রাজনীতি’ দিয়ে আ. লীগকে পরাজিত করবে বিএনপি: আমির খসরু

গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারে বিশ্বাস করলে আওয়ামী লীগ কোনো অবস্থাতে নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির প্রস্তাবনাকে এড়িয়ে যেতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2017, 09:42 PM

Updated : 19 Aug 2022, 03:22 PM

মঙ্গলবার চট্টগ্রামে এক আলোচনা সভায় তিনি বলেন, “আওয়ামী লীগ সবসময় নেগেটিভ রাজনীতিতে বিশ্বাসী, বিএনপি পজিটিভ রাজনীতি বিশ্বাসী। পজিটিভ রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগের নেগেটিভ রাজনীতিকে বিএনপি পরাজিত করবে।

“বিএনপি আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও জনগণের প্রত্যাশিত মুক্তির জন্য রাজনীতি করে আসছে। বিএনপি মানুষের রাজনীতি করে বলেই স্বাধীন নির্বাচন কমিশন নিয়ে প্রস্তাবনা দিয়েছে।”

ক্ষমতাসীন আওয়ামী লীগ সম্পর্কে আমীর খসরু বলেন, “তারা হয়ত গায়ের জোরে নিতে (সিদ্ধান্ত) নিতে পারবে, কিন্তু যদি তারা গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে তাহলে বিএনপির প্রস্তাবনা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ তাদের সামনে নেই।”

চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘টেকসই নির্বাচনের জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার: প্রেক্ষিত স্বাধীন নির্বাচন কমিশন’ শীর্ষক এ আলোচনা সভা আয়োজন করে বিএনপিপন্থি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) এর চট্টগ্রাম শাখা।

এতে নির্বাচন কমিশন গঠনে বিএনপির দেওয়া প্রস্তাবনাকে বাংলাদেশের রাজনীতিতে প্রথম ঘটনা বলে দাবি করেন দলটির স্থানী কমিটির সদস্য আমির খসরু।

তিনি বলেন, দেশে সময়মত গবেষণালব্ধ একটি প্রস্তবনা জাতির কাছে পৌছে দেওয়া- এটাই প্রথম। রাষ্ট্রপতি নিজে এটাকে ‘একটি ভালো কাজ’ বলেছেন।

জনগণ একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে মন্তব্য করে এই বিএনপি নেতা বলেন, দেশের জনগণ বাকশালীতে, স্বৈরাচারীতে বিশ্বাসী নয়। অনির্বাচিত সংসদ আইন প্রণয়ন করতে পারে না। অনির্বাচিত সরকার দেশ চালাতে পারে না।

অবৈধভাবে ক্ষমতায় আসা সরকার একে একে জনগণের অধিকার ক্ষুন্ন করে থাকে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।

“অবৈধ সরকার একটি একটি করে মানুষের অধিকার কেড়ে নেয়। আমরা দাঁড়াতে না পারলে জনগণের সব অধিকার আওয়ামী লীগ কেড়ে নেবে। গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার আজ মৃতপ্রায়।”

৫ই জানুয়ারিতে বিএনপির ‘গণতন্ত্র হত্যা’ দিবস পালনে সরকারের বাধা দেওয়ার ‘পরিকল্পনার’ সমালোচনা করে আমীর খসরু বলেন, যারা জনগণের ভোট চুরি করেছে, জনগণ তাদেরকেই বাধা দেবে।

“সময়মত বিএনপি নেত্রী খালেদা জিয়া আন্দোলনের ডাক দিবেন, সেজন্য সকলকে প্রস্তুত থাকতে হবে। আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের ভোট চুরির প্রজেক্ট ভেঙে দিতে হবে।”

সভায় চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন বলেন, বিএনপির প্রস্তাবনায় আওয়ামী লীগ কোনো ভুল ধরতে না পেরে এ প্রস্তাবনার ভিত্তিহীন সমালোচনা করছে।

এটাকে স্বাধীন নির্বাচন কমিশন গঠনে আওয়ামী লীগের অনিচ্ছার প্রমাণ বলে দাবি করেন তিনি।

একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশনের দাবিতে সম্প্রতি রাষ্ট্রপতির কাছে ১৩ দফা প্রস্তাবনা দেয় বিএনপি।

অ্যাব চট্টগ্রাম সভাপতি প্রকৌশলী কাজী এম সুফিয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জানে আলম মো. সেলিমের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে সম্মিলিত পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক ডা. খুরশিদ জামিল, প্রকৌশলী আলমগীর হোসেন, সাংবাদিক জাহিদুল করিম কচি ও আইনজীবী মফিজুল হক ভুঁইয়া বক্তব্য রাখেন।