২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তান মানুষ না হলে বেশি ক্ষতি অভিভাবকের: নাছির

সন্তান ‘মানুষ’ না হলে অভিভাবকরাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন বলে সতর্ক করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2017, 02:13 PM

Updated : 11 Oct 2022, 01:15 PM

নতুন বছরের প্রথমদিনে রোববার নগরীর চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেলর স্কুল অ্যান্ড কলেজ মাঠে পাঠ্যপুস্তক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “অনেক পিতামাতাকে দেখি, এখন উনারা খুবই ব্যস্ত। তারা ব্যস্ত হতেই পারেন, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু আপনারা যতই ব্যস্ত হন না কেন- সন্তান যদি মানুষ না হয় তাহলে আপনিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।

“আমরা দেখি অনেক পিতা-মাতা আড়ালে চোখের পানি ফেলেন। কিন্তু সময়োপযোগী পদক্ষেপ না নেওয়ার কারণে যে ক্ষতি হওয়ার কথা সে ক্ষতি অলরেডি হয়ে গেছে। সে ক্ষতিটা আর পুষিয়ে নেওয়ার সুযোগ নেই।”

অভিভাবকদের উদ্দেশ্যে নাছির বলেন, “অনুরোধ করব- সময় থাকতে আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, কাদের সাথে বন্ধুত্ব স্থাপন করছে, কাদের সাথে তার যোগাযোগ...। মোবাইল ফোনটা যদি দিয়ে থাকেন, কিভাবে সে মোবাইল ফোনটা ব্যবহার করছে। কম্পিউটার, আইপড, ডেক্সটপ যদি দিয়ে থাকেন- এগুলো প্রয়োজন আছে...।

“..কিন্তু ইন্টারনেটের যে ভালো দিকটা আছে সেটা যেন আমাদের সন্তানরা রপ্ত করে। কোনোভাবেই যাতে তারা খারাপ দিকটার প্রতি আকৃষ্ট না হয়, প্রলুব্ধ না হয়। এ দায়িত্ব আপনাদের নিতে হবে। তা না হলে ক্ষতি যা হওয়ার তা হয়ে যাবে।

অনুষ্ঠানে সিটি করপোরেশন পরিচালিত ৪৭টি মাধ্যমিক, দুটি প্রাথমিক ও ৭টি কিন্ডার গার্টেন থেকে মনোনীত একজন করে শিক্ষার্থীর হাতে বই তুলে দেন মেয়র।

উৎসবে নাচ-গান আর সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে থাকে শিশুরা।

ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর হাসান মাহমুদ হাসনী, হাবিবুল হক, হাসান মুরাদ বিপ্লব, গিয়াস উদ্দিন ও অধ্যাপক নিসার উদ্দিন আহমদ মনজু।

এরআগে সকালে মিউনিসিপ্যাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উদ্বোধন করে চট্টগ্রামের জেলা প্রশাসক সামসুল আরেফিন।

এসময় তিনি জানান, এবার চট্টগ্রাম জেলার চার হাজার ৭৯২টি বিদ্যালয়ের ১০ লাখ ৮৮ হাজার ১০৫ জন শিক্ষার্থীকে ৫৮ লাখ ৯৭ হাজার ২০টি বই দেওয়া হচ্ছে।

এদিন নগরীর বেসরকারি বিদ্যালয়গুলোতেও বই বিতরণ করা হয়েছে।