২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিয়াজের বাসায় ময়নাতদন্তকারী দল

চট্টগ্রামে যে ঘর থেকে ছাত্রলীগ নেতা দিয়াজ ইফরান চৌধুরীর লাশ উদ্ধার করা হয়েছিল, সেই স্থানটি ঘুরে দেখেছেন দ্বিতীয় ময়নাতদন্তকারী দলের চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2017, 01:53 PM

Updated : 11 Oct 2022, 01:15 PM

দিয়াজ আত্মহত‌্যা করেছেন, নাকি তাকে হত‌্যা করা হয়েছে তা জানতে এই চিকিৎসক দলের প্রতিবেদনের অপেক্ষা করছে তার পরিবার। 

ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদসহ ময়নাতদন্তকারী তিন চিকিৎসক রোববার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় দিয়াজের বাসায় যান।

এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার অহিদুর রহমান ছাড়াও কয়েকজন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন এ সময়।

গত ২০ নভেম্বর রাতে ওই বাসা থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদনে দিয়াজের গলায় দাগ ছাড়াও দুই হাতের কনুইয়ের আশপাশে লালচে দাগ এবং বাঁ পায়ে ‘সামান্য আঘাতের চিহ্ন’ থাকার কথা বলা হলেও প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়- ঘটনাটি ‘আত্মহত্যা’।

ওই প্রতিবেদন প্রত‌্যাখ‌্যান করে আদালতে হত‌্যা মামলা দায়ের করেন দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী। তাতে ছাত্রলীগ নেতা টিপু ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ‌্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী ও বিশ্ববিদ‌্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুসহ ১০ জনকে আসামি করা হয়।

পরিবারের দাবি, চট্টগ্রাম বিশ্ববিদ‌্যালয়ে একটি নির্মাণ কাজের জন‌্য ৯৫ কোটি টাকার টেন্ডার নিয়ে দিয়াজের সঙ্গে বিশ্ববিদ‌্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর বিরোধ চলছিল। সেই বিরোধ, চাঁদা দাবিসহ নানা কারণে ‘ষড়যন্ত্র’ করে দিয়াজকে হত্যার পর লাশ ঘরে ঝুলিয়ে রাখা হয়।

দিয়াজের মায়ের আবেদনে আদালত লাশ তুলে পুনঃময়নাতদন্তের নির্দেশ দেয়। ঢাকা মেডিকেলে ১১ ডিসেম্বর দ্বিতীয় দফা ময়নাতদন্তের পর সহকারী অধ‌্যাপক সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, তারা ‘আঘাতের চিহ্ন’ পেয়েছেন, তবে এ বিষয়ে বিস্তারিত জানাবেন ঘটনাস্থল পরিদর্শন এবং ভিসেরা প্রতিবেদন পাওয়ার পর।

এর ধারাবাহিকতায় রোববার চট্টগ্রামে এসে দিয়াজের লাশ উদ্ধারের কক্ষ ঘুরে দেখেন ময়নাতদন্তকারী চিকিৎসকরা। দিয়াজের পরিবারের সদস্যদের সঙ্গেও তারা কথা বলেন।

এদিকে দিয়াজের মা সাংবাদিকদের বলেছেন, দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদনও ‘প্রভাবিত হতে পারে’ বলে তিনি আশঙ্কা করছেন।

“তারা কোটি টাকা খরচ করেছে বলে শুনেছি। সেজন্য তারা ঢাকা গিয়েছে। পাশাপাশি প্রথম ময়নাতদন্তকারী দলও ঢাকা গেছে।”

Image
দিয়াজ ইরফান চৌধুরী

দিয়াজ ইরফান চৌধুরী

দিয়াজের মায়ের করা মামলার আসামি ছাত্রলীগ নেতা আলমগীর টিপু গত ২৭ ডিসেম্বর দাবি করেন, দিয়াজের মৃত্যুর বিষয়টি ‘আত্মহত্যা’ এবং এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

এ প্রসঙ্গ টেনে দিয়াজের মা জাহেদা আমিন বলেন, “টিপু কিছুদিন আগে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়ে দিয়াজ হত্যার সুষ্ঠু তদন্ত দাবি করেছিল। আর ময়নাতদন্ত প্রতিবেদন দেওয়ার আগে সে এ মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলছে।”