২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পিইসিতে বেড়েছে পাসের হার

চট্টগ্রামে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষায় গতবারের তুলনায় পাসের হার কিছুটা বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2016, 07:25 PM

Updated : 20 Aug 2022, 02:36 PM

গত বছর ৯৭.৩৬ থেকে পাসের হার বেড়ে প্রাথমিকে এ বছর হয়েছে ৯৭.৫২ শতাংশ।

ইবতেদায়ীতে গত বছর পাসের হার ছিল ৯০.৬৩ শতাংশ। এবছর কিছুটা বেড়ে সেটা দাঁড়িয়েছে ৯০.৮৬ শতাংশে।

বৃহস্পতিবার সারাদেশে একযোগে প্রাথমিক সমাপনী পরীক্ষার ফল প্রকাশ হয়। চট্টগ্রাম নগরীর ছয়টি থানাসহ মোট ২০ উপজেলার ফল ঘোষণা করেন জেলা প্রশাসক সামসুল আরেফিন।

তিনি সার্বিক ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, “পাসের হার বেড়েছে। গ্রামের স্কুলগুলোও এইবার অনেক ভালো করেছে। চট্টগ্রামে নগরীর স্কুলগুলোকে ফেলে প্রাথমিকে প্রথম হয়েছে সাতকানিয়া উপজেলা।”

৯৯.৯৪ শতাংশ পাসের হার নিয়ে চট্টগ্রামে প্রথম হয়েছে সাতকানিয়া উপজেলা।  

এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছিল মোট এক লাখ ৫৬ হাজার ৬৭৬ জন। তার মধ্যে পাস করেছে এক লাখ ৫২ হাজার ৭৮৩ জন।

অন্যদিকে ইবতেদায়ীতে শিক্ষার্থী ছিল এবছর ২২ হাজার ৭২৬ জন। তার মধ্যে পাস করেছে ২০ হাজার ৬৪৯ জন।

ইবতেদায়ীতে পাসের হারে এগিয়ে আছে নগরীর ডবলমুরিং থানা। শতভাগ পাস নিয়ে ডবলমুরিং থানায় ইবতেদায়ীতে প্রথম হয়েছে।  

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীদের সার্বিক ফলে আমরা খুশি। আগের চেয়ে পাসের হার বেড়েছে। শিক্ষার্থীও বেড়েছে।”

এবছর প্রাথমিকে কমেছে ‘এ প্লাস’ প্রাপ্তির সংখ্যা। গত বছর ১২ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী ‘এ প্লাস’ পেলেও এবছর সেটি কমে হয়েছে ১১ হাজার ৯৫৩।

প্রাথমিকে কমলেও ইবতেদায়ীয়ে ‘এ প্লাস’প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। ২০১৫ সালে ইবতেদায়ীতে ৩৯০ জন এ প্লাস পেলেও এবার তা বেড়ে হয়েছে ৪৭২।