নতুন বছরে চট্টগ্রাম নগরীর রাস্তা হকারমুক্ত রাখবে সিএমপি
নতুন বছরের শুরুর দিন থেকে চট্টগ্রাম মহানগরীর সড়ক দখলমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নগর পুলিশ কর্তৃপক্ষ (সিএমপি)।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ-উল-হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যানবাহন ও পথচারীদের চলাচলের সুবিধার্থে ও যানজট নিরসনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, “সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জানুয়ারি থেকে মহানগরীর কোনো সড়কে কোনো প্রকার অস্থায়ী স্থাপনা ও দোকানপাট বসানো যাবে না।”
২০১৪ সালের মাঝামাঝি সময়ে চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন কমিশনার আব্দুল জলিল মণ্ডল।
বেশ কয়েকদিন অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়ে রাস্তাঘাট দখলমুক্ত করে পুলিশ। উদ্যোগটিতে সাধারণ জনগণের প্রশংসা পেলেও কিছুদিন পর তা ভেস্তে যায়।
তবে বর্তমান সময়ে রাস্তা দখলমুক্ত করার উদ্যোগ নিলেও ফুটপাত দখলমুক্ত করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি নগর পুলিশ কর্তৃপক্ষ।
পুলিশ কর্মকর্তা মাসুদ-উল-হাসান বলেন, “আমরা রাস্তাঘাট দখলমুক্ত করার সিদ্ধান্ত নিলেও ফুটপাতের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিইনি।”
রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান নগর পুলিশের ট্রাফিক বিভাগের এই অতিরিক্ত কমিশনার।
