২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে ভারী যান চলাচলে বিধি-নিষেধ

চট্টগ্রামের হাটহাজারিতে বিশ্ব ইজতেমার আঞ্চলিক পর্ব উপলক্ষে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে ভারী যান চলাচলে বিধি-নিষেধ আরোপ করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2016, 07:52 PM

Updated : 12 Apr 2022, 03:35 AM

সোমবার চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে পরিবহন মালিক-শ্রমিক ও ইজতেমা আয়োজকদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ২৯ থেকে ৩১ জানুয়ারি হাটহাজারি উপজেলার চারিয়া ইউনিয়নে আঞ্চলিক বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) রেজাউল মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈঠকে ইজতেমায় অংশ নিতে আসা মুসল্লিদের যাতায়াত ও নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।

তিনি বলেন, চট্টগ্রাম-খাগড়াছড়ির ওই সড়কে কাঠ ও ইট বোঝাই যানবাহন বেশি চলাচল করে থাকে। ইজতেমা শুরুর আগের দিন থেকে চলাকালীন পর্যন্ত ওই সড়কে কোনো প্রকার ভারি যানবাহান চলাচল না করার জন্য অনুরোধ করা হয় পরিবহন মালিক শ্রমিকদের।

“এ প্রেক্ষিতে ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ওই সড়কে ভারি যান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।”

তবে রাত ১০ টা থেকে সকাল ৮টা পর্যন্ত ভারি যান চলাচল করতে পারবে বলেও জানান পুলিশ কর্মকর্তা রেজাউল।

চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনার সভাপতিত্বে বৈঠকে নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. ওয়ারিশ, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) একেএম এমরান ভূঁইয়া, হাইওয়ে পুলিশ ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।