২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুক্তিযোদ্ধা কোটায়’ ঢুকছে স্বাধীনতায় অবিশ্বাসীরাও: নাছির

মুক্তিযোদ্ধাদের সন্তান-সন্ততি ও নাতি-নাতনিদের জন্য সংরক্ষিত কোটার সুযোগে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না এমন অনেকেই সরকারি চাকরিতে নিয়োগ পাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2016, 07:37 PM

Updated : 20 Aug 2022, 02:34 PM

সোমবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) আয়োজিত মুক্তিযাদ্ধা ও বীরাঙ্গনাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নাছির বলেন, “মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত পোষ্য কোটার সুযোগে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না এমন অনেকে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করে নিয়েছে. যার পরিণতি ভয়াবহ হতে বাধ্য।”

মুক্তিযুদ্ধের পর পুনর্বাসনের অংশ হিসেবে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের জন্য কোটা সংরক্ষণ করা হয়। পরে মুক্তিযোদ্ধাদের চাকরিতে ঢোকার বয়স শেষ হলে দুই ধাপে তাদের সন্তান-সন্ততি ও নাতি-নাতনিদের জন্য ৩০ শতাংশ কোটা সংরক্ষণ করে সরকার।

এই কোটার সুযোগে মুক্তিযোদ্ধা পরিবারের হলেও স্বাধীনতাবিরোধী শক্তির মতাদর্শে বিশ্বাসী নতুন প্রজন্মের অনেকেই সরকারি চাকরিতে ঢুকছে বলে অনেকে মনে করেন।

চট্টগ্রাম সিটি মেয়র নাছিরও অভিযোগ করেন, এই `কোটার সুযোগে ‘স্বাধীনতা বিরোধীশক্তির মতাদর্শে’ বিশ্বাসী অনেকেই সেনা, নৌ, পুলিশ ও সিভিল প্রশাসনের স্থান করে নিচ্ছে।

এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “তারা একসময় অনেক বড় হবে। এক সময় নীতি নির্ধারণী জায়গায় গিয়ে পৌঁছাবে, তখন এটার পরিণতি ভয়াবহ হবে।”

পরিবারের সদস্যরা কে কোন মতাদর্শে বেড়ে উঠছে সেটার প্রতি দৃষ্টি রাখতে মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান নাছির।

“আপনার দায়িত্ব নিলে আপনাদের পোষ্যরা বিপথগামী হবে না। দায়-দায়িত্ব নিতে হবে- কারণ দেশটা আমাদের, সরকারটা আমাদের। দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।”

মুক্তিযোদ্ধাদের উপবাস, অনাহারের খবর ‘ভিত্তিহীন’

অনুষ্ঠান থেকে নানা সময় পত্রিকায় প্রকাশিত মুক্তিযোদ্ধাদের অনাহারে-অর্ধাহারে থাকার প্রকাশিত খবরকে ভিত্তিহীন বলে দাবি করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ও চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন।

মেয়র নাছির বলেন, দেশের যেভাবে অর্থনৈতিক অগ্রগতি হচ্ছে, সেখানে মুক্তিযোদ্ধাদের অনাহারে থাকার খবরটি অতিকথন।

এ ধরনের খবর মুক্তিযোদ্ধাদের জন্য প্রকারান্তরে অসম্মানের অভিহিত করে তিনি বলেন, যাদের কথা পত্রিকায় বলা হয়, তারা হয়ত পাঁচ-দশটা আইটেম দিয়ে ভাত খেতে পায় না, কিন্তু প্রতিবেলা আহার ঠিকই করে।

চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন এ ধরনের সংবাদ প্রকাশকে সরকারের অর্জনকে নস্যাৎ করার চেষ্টা বলে দাবি করেন।

তিনি বলেন, যাদের সম্পর্কে পত্রিকায় খবর প্রকাশিত হয়- তাদের বিষয়ে খোঁজ নিলে দেখা যায় তিনি হয়ত রিকশা চালান ঠিক, তার সন্তান মুক্তিযোদ্ধা কোটায় চাকরি করছে। তিনিও মাসিক দশ হাজার টাকা ভাতা পাচ্ছেন।

অতিথির বক্তব্যে চট্টগ্রামে নিযুক্ত রাশিয়ার কনসাল জেনারেল অলেগ পি বয়কো বলেন, “বাংলাদেশের জনগণের মুক্তি সংগ্রামে রাশিয়া যে ভূমিকা নিতে পেরেছে, সে জন্য আমরা গর্বিত।

“স্বাধীনতা যুদ্ধে বিজয় লাভের পর চট্টগ্রাম বন্দরে মাইন অপসারণ করতে গিয়ে রাশিয়ার সশস্ত্র বাহিনীর সদস্য ইউভি রেডকিনের আত্মত্যাগ রাশিয়া-বাংলাদেশ সম্পর্কের অমর প্রতীক হয়ে আছে”।

রাশিয়া বাংলাদেশের জ্বালানি ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সহযোগিতা করে যাচ্ছে বলে জানান তিনি।

‘শিশু পার্ক ভেঙে স্মৃতিসৌধ’

চট্টগ্রাম নগরীর সার্কিট হাউজ সংলগ্ন শিশু পার্কের লিজের মেয়াদ শিগগির শেষ হচ্ছে জানিয়ে মেয়র নাছির বলেন, শিশু পার্কের লিজের মেয়াদ শেষ হলে এটার জায়গায় স্মৃতিসৌধ নির্মাণ করা হবে।

“এটি একটি ঐতিহাসিক জায়গা। এখানে স্মৃতিসৌধ নির্মাণ করা হলে জনগনের জন্য যাতায়াতে সুবিধা হবে। তাই এই জায়গায় স্মৃতিসৌধ নির্মাণে আমি মনস্থির করেছি।”

মু্ক্তিযোদ্ধাদের দাবি অনুসারে চট্টগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই স্মৃতিসৌধ নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন মেয়র।

চট্টগ্রাম সার্কিট হাউজে ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর জাতীয় পতাকা তুলে চট্টগ্রামকে হানাদার মুক্ত ঘোষণা করেছিল মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী।

সার্কিট হাউজের মাঠ হিসেবে পরিচিত এই মাঠে পরবর্তীতে শিশু পার্ক নির্মাণ করা হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা ও নগরের মোট ১৫০ জন মুক্তিযোদ্ধা ও ১১ জন বীরাঙ্গনাকে ক্রেস্ট ও নগদ ১০ হাজার টাকা করে দেওয়া হয়।

অনুষ্ঠানে সাবেক গণপরিষদ সদস্য আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির সদস্য ইছহাক মিয়া, সাংসদ নজরুল ইসলাম ও সাবিহা মুছা, চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার, মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমদ, সিসিসি সচিব আবুল হোসেন বক্তব্য রাখেন।

এছাড়াও মুক্তিযুদ্ধ গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান মাহফুজুর রহমান, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ার, চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদও বক্তব্য রাখেন।