দুইপক্ষের বিবাদ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে প্রহরীর মৃত্যু
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন হয়েছেন।
নিহত জাহাঙ্গীর আলম (৪৫) এর বাড়ি বাঁশখালীতে, তিনি স্থানীয় একটি ময়দার মিলে প্রহরীর কাজ করতেন।
শনিবার রাতে উপজেলার নন্দীরহাট রেল ক্রসিং এলাকায় এ ঘটনার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নন্দীরহাট রেল লাইনের পাশে পাওনা টাকা আদায় নিয়ে দুই পক্ষের বিতণ্ডা হচ্ছিল।
“এসময় জাহাঙ্গীর বিবাদ মেঠাতে গিয়ে এক পক্ষের ছুরিকাঘাতে খুন হয়।”
এ ঘটনায় ঘটনাস্থল থেকে গ্রেপ্তার মো. মামুন (৩২) উপজেলার লালিয়ার হাট এলাকার বাসিন্দা।
পুলিশ কর্মকর্তা বেলাল বলেন, “গ্রেপ্তার মামুনই জাহাঙ্গীরকে ছুরিকাঘাত করেছে বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হয়েছি।”
