২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম কলেজিয়েটে ১৮০ বছরপূর্তি উৎসব শুরু

বাঁশির সুর আর বাদক দলের বাজনায় বয়সের ব্যবধান ভুলে বর্তমান আর সাবেকরা মিলেছেন প্রাণের আনন্দে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2016, 09:44 PM

Updated : 11 Oct 2022, 09:28 PM

হাতে ‘১৮০’ লেখা প্ল্যাকার্ড, পরনে রঙিন টি শার্ট। প্রাচীন লাল দালান আর প্রাঙ্গনে স্মৃতিকথায় মুখর প্রাক্তনরা।

এমনই আয়োজনে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কলেজিয়েট স্কুলের ১৮০ বছর উদযাপনের উৎসবে মিলিতে হয়েছিলেন কয়েক হাজার সাবেক ও বর্তমান শিক্ষার্থী।

শুক্রবার শীতের বিকালের আলো নিভে যাওয়ার আগে অন্যরকম আলোয় ঝলমল করে উঠলো কলেজিয়েট প্রাঙ্গন, শুরু হলো শোভাযাত্রা। নিউমার্কেট মোড় ঘুরে আবার বিদ্যালয়ে এসে শেষ হয় শোভাযাত্রাটি।

‘এসো মিলি প্রাণের আনন্দে’ স্লোগান নিয়ে এবারের উৎসবের আয়োজন তিন দিনের।

র‍্যালির পর বিদ্যালয় প্রাঙ্গনে হওয়া আলোচনা সভায় অংশ নেন বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম কলেজিয়েটসের সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।

বক্তব্য রাখেন ১৮০ বছর পূর্তি ও পুনর্মিলন উদযাপন পরিষদের আহ্বায়ক আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, সদস্য সচিব মো. মোস্তাক হোসাইন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন।

এরপর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।

ব্রিটিশ আমলে ১৮৩৬ সালে ‘চট্টগ্রাম গর্ভমেন্ট স্কুল’ নাম নিয়ে বর্তমান চট্টগ্রাম কলেজের কাছেই এ অঞ্চলের প্রথম ইংরেজি মাধ্যম স্কুল হিসেবে বিদ্যালয়টির যাত্রা শুরু হয়।

১৮৮৬ সালে নগরীর শহীদ রফিকউদ্দিন সড়ক (আইস ফ্যাক্টরি রোড) বর্তমান প্রাঙ্গনের লাল ইটের দালানে ঠাঁই হয় ‘চট্টগ্রাম কলেজিয়েট’ স্কুল নাম নিয়ে।

চট্টগ্রাম কলেজিয়েট স্কুল দীর্ঘ পথ চলায় উপমহাদেশ বিখ্যাত অনেক রাজনীতিবিদ, শিক্ষাবিদ, পেশাজীবী, চিকিৎসক, বিজ্ঞানী ও শিল্পীকে পেয়েছে শিক্ষার্থী হিসেবে।

কবি নবীনচন্দ্র সেন, নিখিল ভারত কংগ্রেসের সভাপতি ও কলকাতা সিটি কর্পোরেশনের মেয়র দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেন ও বিজ্ঞানী আবদুল্লাহ আলমমুতী শরফুদ্দীনের মতো বরেণ্য ব্যক্তিরা চট্টগ্রামের ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন।

বিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলাম, সাহিত্যিক হুমায়ুন আহমেদ, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মুস্তাফা নূরউল ইসলাম, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অভিনেতা আতাউর রহমান ও আবুল হায়াতও লেখাপড়া করেছেন এ শিক্ষায়তনে।

স্বাধীন বাংলাদেশের গত ৪৫ বছরের ইতিহাসে এ স্কুলের শিক্ষার্থীরা প্রতিবারই মাধ্যমিক পরীক্ষায় অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে।

শোভাযাত্রার মাধ্যমে শুক্রবার উৎসব শুরু হলেও উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে স্কুলের প্রাক্তন ছাত্র নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসের হাত দিয়ে, শনিবার সকালে। রোববার সন্ধ্যায় উৎসবের সমাপনী ঘোষণা করবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।

শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে উৎসবস্থলে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুস ‘সামাজিক ব্যবসা প্রেক্ষাপট: বিশ্ব ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় অংশ নেবেন।

রোববার উৎসবের তৃতীয় দিন সকালে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল প্রাঙ্গনে বিদ্যালয়ের ৮৬ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে নবনির্মিত স্মৃতিসৌধ উদ্বোধন করা হবে।

২০১১ সালে বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তিতে তিন দিনের উৎসবের আয়োজন করা হয়েছিল। সেবার প্রায় আড়াই হাজার সাবেক শিক্ষার্থী উৎসবে অংশ নেন।