চট্টগ্রামে ট্রাকচাপায় নারীর মৃত্যু
চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে ট্রাকচাপায় রিকশা আরোহী এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে হাজেরা তজু ডিগ্রি কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে চান্দগাঁও থানার ওসি সাইফূল ইসলাম জানান।
নিহত নাসরিন কামাল (২৬) চান্দগাঁও আবাসিক এলাকার ১২ নম্বর সড়কের জসিম ভবনের বাসিন্দা কামাল উদ্দিনের স্ত্রী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ জানান, গুরুতর আহত ওই নারীকে রাত ১০টার দিকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাতক ট্রাক জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে চান্দগাঁও থানার ওসি জানান।
