গফুর হালীকে রাষ্ট্রীয় সম্মাননার দাবি
আঞ্চলিক গানের সুর স্রষ্টা প্রয়াত আবদুল গফুর হালীকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি উঠেছে।
বৃহস্পতিবার বন্দর নগরী চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত পৌষমেলা থেকে এ দাবি জানান আয়োজকরা। জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত মেলাটিও উৎসর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত এ শিল্পীকে।
সন্ধ্যায় শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে আইল্লা জ্বালিয়ে মেলার উদ্বোধন করা হয়।
মুশতারী শফি বলেন, “শুধু মুখে সংস্কৃতির কথা বললে হবে না নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সব অনুষঙ্গের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। তাহলেই তারা বাংলা সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে এবং তা লালন করতে পারবে।”
আয়োজক কমিটির আহ্বায়ক শরীফ চৌহান আবদুল গফুর হালীকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জানান।
“আবদুল গফুর হালী বাঙালি সংস্কৃতির এক কিংবদন্তি। তার মতো মহান শিল্পীদের মূল্যায়ন করা হলেই বাঙালি সংস্কৃতি টিকে থাকবে।”
চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে বুধবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চট্টগ্রামের বহু আঞ্চলিক, মাইজভান্ডারি ও মরমি গানের স্রষ্টা আবদুল গফুর হালী।
মেলা প্রাঙ্গণে ঢুকতেই দেখা যায় খড়ের ঘর। সেখানে লাকড়ির চুলায় তৈরি গরম পিঠা এবং খেজুর রসের স্বাদ মনে করিয়ে দেয় আবহমান বাংলার চিরায়ত রূপ।
দর্শক মাতান বাউল পাগলা বাবলু।
সঙ্গীত পরিবেশন করেন কল্পনা লালা, গীতা আচার্য্য, ইলমা বিনতে বখতিয়ার, আবদুর রহিম, হাম্মাদুর রহমান ও শঙ্কর প্রসাদ দে।
আবৃত্তি পরিবেশন করেন মিসফাক রাসেল, দেবাশীষ রুদ্র, মাহবুবুর রহমান মাহফুজ, মশরুর হোসেন, এহতেশামুল হক, সাইদুল করিম সাজু, সেলিম রেজা সাগর ও শামীমা শীলা।
