চুয়েট আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন কক্সবাজারে
পর্যটন রাজধানী কক্সবাজারে শুরু হয়েছে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন।
বুধবার কক্সবাজারের সাইমন বিচ রিসোর্টে চুয়েটের পুরকৌশল বিভাগ ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাডভান্সড সিভিল ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।
সেমিনার উদ্বোধন করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, “নতুন জ্ঞান ও নতুন প্রযুক্তি উদ্ভাবনের কোনো বিকল্প নেই। আমরা ভবিষ্যতে নতুন প্রযুক্তি রপ্তানি চাই।
“সৃষ্টিশীল উদ্ভাবনের মাধ্যমে টেকসই ভবিষ্যত গড়তে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। পদ্মা সেতুর মত অনেক বড় বড় প্রজেক্ট এখন নিজস্ব অর্থায়নেই কেবল নয় দেশের সিভিল ইঞ্জিনিয়ারগণের সম্পৃক্ততার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।”
বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন, জ্বালানি ইস্যু, জনসংখ্যা বৃদ্ধি ও অতিরিক্ত নগরায়নসহ অনেক সমস্যা মোকাবেলা করতে হচ্ছে জানিয়ে তিনি বলেন, বৈশ্বিক উষ্ণতাজনিত বিপদ আমরা এড়াতে পারি না।
“আমাদের নবায়নযোগ্য জ্বালানিকে আর্থিকভাবে আরও সাশ্রয়ী করতে হবে। এ জন্য সমন্বিত উদ্যোগ নিতে হবে। এ কনফারেন্স এসব বিষয়ে একটি যোগ্য প্ল্যাটফরমে পরিণত হতে পারে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, পদ্মা সেতু, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প ও কর্ণফুলি টানেল নির্মাণে সিভিল ইঞ্জিনিয়ারদের অগ্রণী ভূমিকা রয়েছে।
আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে সিভিল ইঞ্জিনিয়াররা আরও ভূমিকা নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সেমিনারে চুয়েট উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বলেন, এ কনফারেন্স সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে গবেষণা ও ব্যবহারিক প্রয়োগকারীদের মাঝে একটি সেতৃবন্ধন রচনা করেছে। এটি তৃতীয়বারের মত সফলভাবে আয়োজন করে চুয়েট সংশ্লিস্ট সকলকে অনুপ্রাণিত করেছে।
সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দ্যা ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সভাপতি প্রকৌশলী মো. কবীর আহমদ ভূঁইয়া।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মু্ম্বাই-এর অধ্যাপক দীপঙ্কর চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন কনফারেন্স সেক্রেটারি ও চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোছাম্মত ফারাজানা রহমান জুথীঁ।
সেমিনার স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য রাখেন কঝজগ স্টিল প্ল্যান্ট লিমিটেড-এর ডিজিএম (মার্কেটিং অ্যান্ড সেলস) আশরাফ উদ্দিন এবং কনফিডেন্স সিমেন্ট লিমিটেড-এর ম্যানেজার (কোয়ালিটি এস্যুরেন্স) রিয়াজ হোসেন।
