চট্টগ্রামে পৌষ মেলা আবদুল গফুর হালীকে উৎসর্গ
পৌষ মেলা উদযাপন পরিষদের আয়োজনে চট্টগ্রামে হতে যাওয়া পৌষ মেলা-১৪২৩ সদ্য প্রয়াত সঙ্গীতজ্ঞ আবদুল গফুর হালীকে উৎসর্গ করা হয়েছে।
চট্টগ্রাম শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে বৃহস্পতিবার বিকালে পৌষ মেলা শুরুর কথা রয়েছে।
পরিষদের আহ্বায়ক শরীফ চৌহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরবাসীকে সঙ্গে নিয়ে চিরায়ত বাংলার উৎসব পৌষ মেলাকে উদযাপনের লক্ষে আমাদের এ আয়োজন।
“মেলার মাত্র একদিন আগে সঙ্গীতজ্ঞ, গীতিকার, সুরকার ও শিল্পী আবদুল গফুর হারীকে হারিয়ে আমরা শোকাহত। এবারের পৌষ মেলা তার স্মৃতির উদ্দেশে উৎসর্গ করা হয়েছে।”
বৃহস্পতিবার বিকালে মালসা (আইল্লা) জ্বালিয়ে মেলার উদ্বোধন করা হবে। এরপর সদ্য প্রয়াত সঙ্গীতজ্ঞ আবদুল গফুর হালীর প্রয়াণে শোক প্রকাশ করা হবে।
দলীয় সঙ্গীত পরিবেশন করবে অভ্যুদয়, সৃজামি, ছন্দানন্দ এবং সঙ্গীত ভবনের শিল্পীরা। দলীয় নৃত্যে অংশ নেওয়ার কথা রয়েছে স্কুল অব ওরিয়েন্টাল ডান্স, গুরুকুল, নৃত্য নিকেতনসহ বিভিন্ন সংগঠনের শিল্পীদের।
মেলা প্রাঙ্গনে থাকবে পিঠা-পুলির আয়োজন। আলোচনায় অংশ নেবেন চট্টগ্রামের বিশিষ্টজনরা।
প্রায় দই হাজার মরমি, আঞ্চলিক ও মাইজভাণ্ডারি গানের স্রষ্টা আবদুল গফুর হালী চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে চট্টগ্রামে মারা যান। এই সঙ্গীতজ্ঞকে নিয়ে জার্মান ভাষায় গবেষণাগ্রন্থও রচিত হয়েছে।
