২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের সুরস্রষ্টা গফুর হালি আর নেই

চট্টগ্রামের বহু আঞ্চলিক, মাইজভান্ডারি ও মরমি গানের স্রষ্টা আব্দুল গফুর হালি আর নেই।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2016, 12:40 PM

Updated : 11 Oct 2022, 09:28 PM

বুধবার সকালে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে রেখে গেছেন।

গফুর হালির নাতি মইনুল হক জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৫টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দুই মাস আগে ফুসফুসে ক্যান্সার ধরা পড়ার পর কয়েক মাস হাসপাতালে ছিলেন গফুর হালি। মাঝখানে বাড়ি ফিরলেও গত সপ্তাহে অসুস্থ হয়ে পড়লে আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার মাইজভান্ডার দরবার শরীফ, জমিয়াতুল ফালাহ জামে মসজিদ এবং শুক্রবার বাদ জুমা নিজ গ্রাম পটিয়ার রশিদাবাদে জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

‘পাঞ্জাবীওয়ালা’; ‘সোনা বন্ধু তুই আমারে করলি দিওয়ানা’; ‘মনের বাগানে ফুটিল ফুলরে’; ‘অ বানু.... বানুরে...’; অ শ্যাম রেঙ্গুন নঅ জাইও’; ‘চল যাই জিয়ারতে মোহছেন আউলিয়ার দরবারে’; ‘দেখে যারে মাইজভাণ্ডারে’ এমন জনপ্রিয় সব গানসহ প্রায় দুই হাজার গানের স্রষ্টা, সুরকার ও শিল্পী আব্দুল গফুর হালির জন্ম ১৯২৯ সালের অগাস্টে পটিয়া উপজেলার রশিদাবাদ গ্রামে।

চট্টগ্রামের আঞ্চলিক গানের প্রতিভূ আবদুল গফুর হালী ছিলেন মাইজভাণ্ডারী গানে নবযুগের স্রষ্টা, চট্রগ্রামের আঞ্চলিক ভাষায় নাটক রচনার পথিকৃৎ তিনি। পাশাপাশি চট্টগ্রামের লোকসঙ্গীতে 'মোহছেন আউলিয়ার গান' নামে একটি স্বতন্ত্র সঙ্গীতধারারও স্রষ্টা এই গফুর হালী। 

চট্টগ্রামের সাংবাদিক নাসির উদ্দিন হায়দার জানান, ছয় দশকেরও বেশি সময় ধরে গান রচনা, সুর ও নাটক লিখেছেন গফুর হালি। তার সৃষ্ট ৭৬টি মাইজভান্ডারি গান জার্মান ভাষায় অনুবাদ হয়েছে।

জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হান্স হার্ডার গফুর হালিকে নিয়ে গবেষণা করেছেন। গফুর হালিকে নিয়ে হান্স হার্ডারের ‘ডার ফেরুখট গফুর স্প্রিখ’ (পাগলা গফুর) নামে গবেষণাপত্র প্রকাশিত হয় ২০০৪ সালে।

স্বশিক্ষিত গফুর হালীর প্রকাশিত গ্রন্থের সংখ্যা পাঁচটি; এর চারটি গীতিকাব্য ও একটি নাটকসমগ্র। এর মধ্যে সত্তর ও আশির দশকে প্রকাশিত হয়েছে 'জ্ঞানজ্যোতি' ও 'তত্ত্ববিধি'। ২০১২ ও ২০১৫ সালে নাসির উদ্দিন হায়দারের সম্পাদনায় গীতিকাব্য 'সুরের বন্ধন' ও 'চাটগাঁইয়া নাটকসমগ্র' এবং মোহাম্মদ আলী হোসেনের সম্পাদনায় প্রকাশিত হয় আঞ্চলিক গানের সংকলন 'শিকড়'।