চাক্তাইয়ে অভিযানে ব্যবসায়ীকে র্যাবের ধাক্কা, বিক্ষোভ
চট্টগ্রামের চাক্তাই পাইকারি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় এক ব্যবসায়ী নেতাকে ধাক্কা দেওয়ায় বিক্ষোভ দেখিয়েছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার বিকালে ওই ঘটনার পর ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট, ব্যবসায়ী ও র্যাব কর্মকর্তারা আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুরের নেতৃত্বে চালের বস্তা হিসেবে পাটের ব্যাগের ব্যবহার করা হচ্ছে কিনা তা দেখতে অভিযান চালানো হয়। অভিযানে র্যাব-৭ এর একটি দল অংশ নেয়।
প্রত্যক্ষদর্শী এক ব্যবসায়ী বলেন, অভিযানের সময় একটি জায়গায় লোকজন ভিড় করে দাঁড়িয়েছিল। চাক্তাই চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজমও সেখানে ছিলেন। তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন র্যাবের এক সদস্য।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী, দোকান কর্মচারী ও বাসিন্দারা উত্তেজিত হয়ে অভিযান দলকে ঘিরে স্লোগান দিতে থাকে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার সাথে আলাপের পর তিনি (ওমর আজম) পেছনে দাঁড়িয়েছিলেন।
“উৎসাহী লোকজনকে সরাতে গিয়ে এক র্যাব সদস্য তাকেও ধাক্কা দেন। এতে তিনি মনক্ষুন্ন হন। পরে আলোচনার জন্য ওমর আজম, র্যাব কর্মকর্তা ও ওই সদস্যকে নিয়ে একটি প্রতিষ্ঠানে বসলে লোকজন উত্তেজিত হয়ে স্লোগান দিতে থাকে।”
আবদুল্লাহ আল মনসুর বলেন, “উনাকে না চিনেই র্যাব সদস্য ধাক্কা দেয়। পরে তিনিসহ আমরা ব্যবসায়ীদের বুঝিয়ে শান্ত করি। এরপর আরও একটি দোকানে তার উপস্থিতিতেই অভিযান চালাই।”
ব্যবসায়ীনেতা ওমর আজম বলেন, “ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর শুনে নিজে থেকে সেখানে যাই। তাদের বলি আইন বাস্তবায়নে অভিযানের প্রয়োজন আছে।
“দুয়েকজন র্যাব সদস্য ভালো আচরণ করেনি। এতে এলাকার লোকজন উত্তেজিত হয়ে পড়ে। পরে সবাই মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। প্রশাসনের লোকজনও বলেছে ভুলবশত এ ঘটনা ঘটেছে। তাই ব্যবসায়ীরা মেনে নিয়েছে।”
অভিযানে চটের বস্তা ব্যবহার না করায় পাঁচটি দোকানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
