চট্টগ্রামে তুলার দোকানে নারী পোশাক শ্রমিকের লাশ
চট্টগ্রাম নগরীর একটি তুলার দোকান থেকে এক নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত লিপি আক্তার (২৩) বেইস টেক্সটাইল নামে চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার স্বামী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বাসিন্দা; থাকেন মালদ্বীপে।
তার মৃতদেহটি সোমবার সকালে পাঁচলাইশ থানার মোহাম্মদপুর এলাকার তুলার দোকানের ভেতরে ছাদের সঙ্গে ঝুলন্ত পাওয়া যায় বলে চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম জানিয়েছেন।
তবে ওই দোকানের মালিকের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিপি পাঁচলাইশের মোহাম্মদপুরে তার স্বামীর বড় বোনের সাথে এক বাসায় থাকতেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে লিপি তার স্বামীর সাথে টেলিফোনে কথা বলার জন্য বাইরে গিয়েছিল।
“রাতে বাসায় না ফেরায় সকালে পরিবারের অন্য সদস্যরা খুঁজতে গিয়ে বাসার ৫০ গজের মধ্যে থাকা ওই তুলার দোকানে ঝুলন্ত অবস্থায় লিপির লাশ দেখতে পান।”
লিপির মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। এঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।
