২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পথ বাঁচল, প্রাণ বাঁচল না

ট্রেনের গতি ধীর হওয়ার সুযোগে স্টেশনে পৌঁছানোর আগেই সন্তানদের নিয়ে নেমে পড়ে বিপরীত দিক থেকে আসা আরেক ট্রেনের নিচে প্রাণ গেছে এক নারীর।    

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2016, 03:29 PM

Updated : 12 Apr 2022, 03:33 AM

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের কদমতলী রেল ক্রসিং সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে চট্টগ্রাম রেলওয়ে থানার এএসআই প্রিয়ময় চাকমা জানান।

নিহত শামসুন্নাহার (৪৫) কুমিল্লার নাঙ্গলকোটের বাচ্চু মিয়ার স্ত্রী। বন্দরনগরীর দেওয়ানহাট সুপারিওয়ালা পাড়ায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

মেঘনা এক্সপ্রেসে করে দুই মেয়ে ও ছেলেকে নিয়ে সকালে চাঁদপুর থেকে চট্টগ্রামে ফেরার সময় শামসুন্নাহার দুর্ঘটনায় পড়েন।

প্রিয়ময় চাকমা বলেন, “কদমতলী রেল ক্রসিংয়ের একটু আগে ট্রেনের গতি ধীর হওয়ায় সেখানেই ছেলে-মেয়েদের নিয়ে নেমে যান শামসুন্নাহার। ছেলে-মেয়েরা পাশের রেললাইন পেরিয়ে গেলেও শামসুন্নাহার পারেননি, ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেসে কাটা পড়েন তিনি।”

চট্টগ্রাম রেলওয়ের কর্মকর্তারা জানান, চট্টগ্রাম স্টেশন এলাকায় ঢোকার ঠিক আগে আগে কদমতলী রেল ক্রসিংয়ের অবস্থান হওয়ায় অধিকাংশ ট্রেনের গতি সেখানে ধীর করতে হয়। দেওয়ানহাট বা অন‌্য এলাকার অনেক বাসিন্দা পথ আর সময় বাঁচানোর জন‌্য স্টেশন পর্যন্ত যেতে চান না। ট্রেনের গতি ধীর হওয়ার সুযোগে অনেককেই কদমতলী ক্রসিংয়ের আগে-পরে নেমে যেতে দেখা যায়।   

শামসুন্নাহারের মেয়ে দিপা কাঁদতে কাঁদতে বলেন, কদমতলী ক্রসিং থেকে বাসায় যাওয়া সহজ হয় বলে তারাও আগে আগে নেমে পড়েছিলেন।  

“আমরা ট্রেন থেকে নেমে লাইন পার হয়ে যাই। আরেকটা ট্রেন যে আসছিল সেটা মা খেয়াল করে নাই।”

চট্টগ্রাম জিআরপি থানার ওসি এস এম শহীদুল ইসলাম জানান, তারা লাশ উদ্ধার করেছেন। দ্রুত তা পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের ব‌্যবস্থা করা হচ্ছে।