২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পোশাককর্মী-পুলিশ সংঘর্ষ

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীতে সড়ক অবরোধকারী পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2016, 10:25 PM

Updated : 12 Apr 2022, 03:32 AM

রোববার বিকালে অবরোধ ও সংঘর্ষের কারণে বন্দর নগরীর ব্যস্ততম এ সড়কে এক ঘণ্টার বেশি সময় যান চলাচল বন্ধ থাকে।

ক্লিফটন গার্মেন্টসের ওই শ্রমিকরা বেশ কয়েকটি গাড়িও ভাংচুর করে বলে পুলিশ জানিয়েছে।

আহত ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অধিকাংশ কাঁদুনে গ‌্যাসে অসুস্থ হয়ে পড়েছিলেন বলে চমেক পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া জানিয়েছেন।

আহতদের মধ‌্যে শিল্প পুলিশের দুই এএসপি সোহেল রানা ও কামরুল ইসলাম, বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন ও নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ) জাহাঙ্গীর আলমও রয়েছেন।

শিল্প পুলিশের এএসপি সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্লিফটন গার্মেন্টেসে শ্রমিকদের দুটি সংগঠন রয়েছে। তাদের বিরোধের জের ধরে এক পক্ষ সড়ক অবরোধ করে।

সংগঠন দুটি হল ‘বাংলাদেশ গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফেডারেশন’ ও ‘শ্রমিক সংহতি ফেডারেশন’।

বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমানে গার্মেন্টেসে ‘‘বাংলাদেশ গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফেডারেশন’ নেতৃত্বে আছে। অন্য পক্ষ ও সাধারণ শ্রমিকদের অভিযোগ, নেতারা তাদের দাবিগুলো মালিকপক্ষকে সঠিকভাবে উপস্থাপন করেন না।

“সে বিরোধের জেরে একপক্ষ রাস্তা অবরোধ করে। পুলিশ তাদের সরে যেতে অনুরোধ করলে অবরোধকারীরা পুলিশকে লক্ষ করে ইট নিক্ষেপ ও কয়েকটি গাড়ি ভাংচুর করে। তাদের ছোড়া ইটে আমিসহ অন্য পুলিশ সদস্যরা আহত হন।”

পুলিশের তৎপরতায় ঘণ্টা খানেকের মধ্যে শ্রমিকরা রাস্তা থেকে সরে যায় বলে জানান ওসি মহসিন।

তিনি বলেন, “দুই পক্ষকে ডেকে মালিকের উপস্থিতিতে একটি উপদেষ্টা কমিটি গঠন করে দেওয়া হয়েছে। প্রতিমাসে একবার করে মালিপক্ষ তাদের দাবি দাওয়াগুলো শুনবে।”

উপদেষ্টা কমিটি শিল্প পুলিশ ও বায়েজিদ বোস্তামী থানা পুলিশ তদারকি করবে বলেও জানান ওসি মহসিন।