পঁচাত্তর পরবর্তী ২১ বছর বাংলাদেশের ‘কালো অধ্যায়’: নাছির
পঁচাত্তর পরবর্তী ২১ বছর বাংলাদেশের জন্য ‘কালো অধ্যায়’ ছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
বৃহস্পতিবার বিকালে নগরীর জেলা পরিষদ মার্কেট থেকে বিজয় দিবসের একটি শোভাযাত্রার উদ্বোধনীতে এমন্তব্য করেন তিনি।
নাছির বলেন, "পঁচাত্তর পরবর্তী ২১ বছর ছিল বাংলাদেশের জন্য কালো অধ্যায়। বঙ্গবন্ধুকে হত্যার পরে স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চেয়েছিল।"
পঁচাত্তরে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর ১৯৯০ সাল পর্যন্ত টানা ১৫ বছর ক্ষমতায় ছিলেন সেনাবাহিনী থেকে রাষ্ট্রক্ষমতায় আসা জিয়াউর রহমান ও হুসাইন মুহাম্মদ এরশাদ।
আর নব্বইয়ে স্বৈরাচার হিসেবে পরিচিতি পাওয়া এরশাদের পতনের পর ১৯৯১ সালে নির্বাচনের মাধ্যমে শাসনক্ষমতায় আসে জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দল বিএনপি।
বিজয় দিবস উপলক্ষে ওই শোভাযাত্রার আয়োজন করে 'আমরা কজন মুজিব সেনা' নামে একটি সংগঠন।
এর উদ্বোধনীতে দেশ অর্থনৈতিক ভাবে উন্নতি করেছে মন্তব্য করে চট্টগ্রাম সিটি মেয়র নাছির উদ্দিন বলেন, বিজয়ের সুবর্ণ জয়ন্তীর আগে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
সংগঠনের সভাপতি সরফরাজ নেওয়াজ খান রবিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বোখারী আজমের সঞ্চালনায় র্যালির উদ্বোধনী সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর তারেক সোলেমান সেলিম, ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মোহাম্মদ জুবায়ের, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম, ৩৩ নম্বর ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আলকরণ ওয়ার্ড যুবলীগের সভাপতি তারেক ইমতিয়াজ ইনতু, সাবেক ছাত্রনেতা আব্দুল হাই, শাহাব উদ্দীন সজিবসহ আরও অনেকে।
শোভাযাত্রাটি নগরীর জেলা পরিষদ মার্কেট চত্বর থেকে শুরু হয়ে কোতোয়ালির মোড়, নিউ মার্কেট মোড়, আমতল, রাইফেলস ক্লাব, নন্দন কানন পুলিশ প্লাজা, সিনেমা প্যালেস প্রদক্ষিণ করে লালদিঘীরপাড় এসে শেষ হয়।
