২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় বছর আগে হোটেল শ্রমিক খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে দেড় বছর আগে যুবক খুনের ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2016, 06:56 PM

Updated : 20 Aug 2022, 02:29 PM

গ্রেপ্তার জিয়াউর রহমান (২৮) এর বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।

বুধবার সন্ধ্যায় নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান পিবিআই চট্টগ্রাম নগরের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছরের ২০ মার্চ রাতে বায়েজিদ থানার পশ্চিম শহীদ নগর এলাকায় এক হোটেল শ্রমিককে খুন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের বাবা অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন।

মামলার পর বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ফরহাদ উদ্দিন মজনু, নেয়ামত আলী, ওসমান গণি, নুরুদ্দিন নামে চারজনকে গ্রেপ্তার করে আদালতে অভিযাগপত্র জমা দেয়।

পিবিআই কর্মকর্তা সন্তোষ বলেন, গ্রেপ্তারদের মধ্যে মজনু আদালতে দেওয়া জবানবন্দিতে পুলিশের হাতে গ্রেপ্তার চারজনের পাশাপাশি জিয়াউর রহমান ও আলাউদ্দিন নামে আরও দুইজন আরও দুইজন এ হত্যাকাণ্ডের জড়িত ছিল বলে জানান।

তদন্ত কর্মকর্তা জবানবন্দিতে নাম আসা দুইজনের সঠিক নাম ঠিকানা পাওয়া যায়নি বলে অভিযোগপত্রে উল্লেখ করে।

সন্তোষ জানান, আদালত অভিযাগপত্র গ্রহণ না করে মামলাটি অধিকতর তদন্ত করার জন্য পিবিআই-কে দায়িত্ব দেয়।

মামলার অধিকতর তদন্ত করতে গিয়ে এ আসামিকে গ্রেপ্তার করা হয়।