২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে মিলাদুন্নবিতে চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা

ঈদে মিলাদুন্নবি উপলক্ষে চট্টগ্রাম নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2016, 08:54 PM

Updated : 11 Oct 2022, 09:26 PM

মঙ্গলবার সকালে নগরীর ষোলশহর এলাকার আলমগীর খানকাহ্‌-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে আল্লামা তাহের শাহ মাদ্দাজিল্লুহুল আলীর নেতৃত্বে শোভাযাত্রা শুরু হয়।

একটি ট্রাকে চড়ে জুলুসে নেতৃত্ব দেন আল্লামা তাহের শাহ। তাকে বহনকারী ট্রাকটি মুরাদপুর, চকবাজার, আন্দরকিল্লা, চেরাগী পাহাড় ও জামালখান হয়ে আবার চকবাজার হয়ে ষোলশহর গিয়ে শেষ হয়।

এরপর মুরাদপুর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মাঠে বিকেলে আলোচনা সভা ও মোনাজাত হয়।

হিজরি পঞ্জিকা অনুসারে ১২ রবিউল আওয়াল মহানবী হযরত মুহাম্মদ (স.) জন্ম দিন মুসলিমরা আনন্দ উৎসব উদযাপন করে থাকেন।

চট্টগ্রামে জশনে ‍জুলুস নামে এই উদযাপনে অংশ নিতে বিভিন্ন উপজেলা, নগরীর বিভিন্ন স্থান এবং দেশের অন্যান্য জেলা থেকে ভক্তরা বাস-ট্রাক-মিনিবাস ও মাইক্রোবাস নিয়ে যোগ দেয়।

মিছিলের বহরে ছিল কয়েকশ ট্রাক। যানবাহনগুলো ছিল বাংলাদেশ ও সুন্নিয়াতের পতাকা শোভিত; সঙ্গে পায়ে হেঁটে মিছিলে যোগ দেন হাজার হাজার মানুষ।

মিছিলের নির্ধারিত সড়কে সকাল থেকে দুপুর পর্যন্ত কার্যত কোনো যানবাহন চলাচল করেনি। সড়কের দুপাশে দাঁড়িয়ে উৎসুক মিছিল দেখতে থাকেন।

এসময় মিছিলে অংশ নেওয়া ট্রাক থেকে বিভিন্ন রকমের খাবার, ফল, চকলেট ও পানি বিতরণ করা হয়।

আয়োজক প্রতিষ্ঠান আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ১৯৭৪ সাল থেকে জশনে জুলুস পালন করা হচ্ছে। শান্তিপূর্ণভাবে আজকের আয়োজন সম্পন্ন হয়েছে।

বিকেলে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা মাঠে আলোচনায় অংশ নেন আল্লামা তাহের শাহের দুই ছেলে সৈয়দ মো. কাশেম শাহ ও সৈয়দ হামিদ শাহ।

এছাড়া এতে অংশ নেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, শিল্পগোষ্ঠী পিএইচপি গ্রুপের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার চেয়ারম্যান দিদারুল ইসলাম।