স্টুডিওতে জাল পরিচয়পত্র-জন্মসনদ তৈরি, গ্রেপ্তার ২
চট্টগ্রামে ভুয়া জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ তৈরির সঙ্গে জড়িত দুই স্টুডিও কর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার সকালে ইপিজেড থানার কলশী দিঘীর পাড় এলাকায় ‘কেয়া ডিজিটাল স্টুডিও’ নামের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে সুজন দাশ (২৫) ও বেলাল হোসেন (২৭) নামে দোকানের দোকান কর্মচারীকে গ্রেপ্তার করা হলেও মালিক পালিয়ে গেছে বলে র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি সোহেল মাহমুদ জানিয়েছেন।
দোকানটি থেকে ১৬টি জাল জাতীয় পরিচয়পত্র, ১০টি জন্ম নিবন্ধন সনদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের ১০টি নাগরিক সনদ, প্রাথমিক শিক্ষা সনদ, ট্রেড লাইসেন্স ও এসব তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
“ইপিজেডে প্রতিদিন বিভিন্ন অঞ্চল থেকে অনেক লোক চাকরির জন্য আসে। চাকরিতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক হওয়ায় চট্টগ্রামের বাইরে থেকে আসা অনেকে তা দিতে ব্যর্থ হয়।
“যাদের জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য সনদ থাকে না, তারা টাকার বিনিময়ে এ দোকান থেকে সেসব সংগ্রহ করে।”
