মিসাইল উৎক্ষেপণে শেষ বার্ষিক নৌ মহড়া
জলে, স্থলে ও আকাশে থাকা শত্রুপক্ষের যে কোনো হুমকি ধ্বংসে সক্ষম মিসাইলের প্রায়োগিক ব্যবহারের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ নৌ বাহিনীর বার্ষিক চূড়ান্ত মহড়া।
শনিবার বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে ‘এক্স-সেফগার্ড ২০১৬’ নামের বার্ষিক এই চূড়ান্ত মহড়ার সমাপনী দিনে চীনের তৈরি জাহাজ বিধ্বংসী সি-৮০২এ ক্ষেপণাস্ত্রের ব্যবহার করেছে নৌ বাহিনী।
১৫ দিনব্যাপী এ মহড়া শুরু হয় ২৬ নভেম্বর। মহড়ায় নৌ বাহিনীর ৫৩টি যুদ্ধ জাহাজ অংশ নেয়।
সমাপনী দিনের মহড়ায় প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন, নৌ বাহিনী আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।
তিনি বলেন, বিরাট সমুদ্রসীমা মালিকানায় আসার পর আমাদের চাহিদা অনেক বেড়ে গেছে। একদিকে সমুদ্রসীমা রক্ষা ও অন্যদিকে সমুদ্রের সম্পদ আহরণ করা।
“এই দুটি কাজে আমরা নৌ বাহিনীর হাত ধরে সফলতা অর্জন করতে চাই। সমুদ্রসীমা জয়ের পর কৌশলগতভাবে নৌ বাহিনীর ভূমিকার গুরুত্ব বেড়ে গেছে। অর্থনৈতিক বিকাশকে সংহত করতে হলে সমুদ্রের যে অর্থনৈতিক সম্ভাবনা সেটির বিকাশ ঘটাতে হবে”।
অনুষ্ঠানে নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমদ বলেন, আমরা সমাপনী দিনে ভূমি থেকে ভূমি ও ভূমি থেকে আকাশে দুটি মিসাইল নিক্ষেপ করেছি।
“দুটি মিসাইলই সফলভাবে তাদের টার্গেটকে ধ্বংস করতে সক্ষম হয়েছে; যা প্রমাণ করে বাংলাদেশ নৌ বাহিনী সারফেস, এয়ার ও আন্ডার সারফেসে থাকা শত্রুর হুমকি নির্মূল করতে সক্ষম।”
এ তিন ক্ষেত্রে আরও সফলতা অর্জন করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, অল্প কয়েক দিনের মধ্যে আমাদের নৌ বহরে সাবমেরিন যুক্ত হবে। সমুদ্রের সম্পদের সুরক্ষায় নৌ বাহিনী আরও সক্ষম হয়ে উঠবে।
দুপুর ১২টার দিকে ‘বানৌজা প্রত্যয়’ থেকে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মধ্য দিয়ে সমাপনী দিনের চূড়ান্ত মহড়া শুরু হয়।
এরপর সোয়া ১২টার দিকে ‘বানৌজা স্বাধীনতা’ চীনের তৈরী ‘এফএল-৩০০০এন’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে প্রায় এক কিলোমিটার দূরত্বে উড়ে যাওয়া ড্রোনকে ভূপাতিত করা হয়।
এর কিছুক্ষণ পর ‘বানৌজা নির্ভয়’ ও ‘বানৌজা দুর্জয়’ হতে সাবমেরিন বিধ্বংসী আরডিসি (রকেট ডেপথ চার্জিং) নিক্ষেপ করা হয়।
এসময় সেন্ট্রাল কমান্ড শিপ ‘বানৌজা বঙ্গবন্ধু’ থেকে মহড়া প্রত্যক্ষ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।
মহড়ায় নৌ বাহিনীর সকল ঘাঁটি, মেরিটাইম পেট্রল এয়ারক্রাফট, হাই স্পিড বোট ও আধুনিক সরঞ্জামে সজ্জিত নৌ কমান্ডো দল অংশ নেয়।
নৌ বাহিনীর কর্মকর্তারা জানান, এ মহড়ায় সমুদ্র এলাকায় পর্যবেক্ষণ, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, লজিস্টিক অপারেশন ও ল্যান্ডিং অপারেশন অন্তর্ভুক্ত ছিল।
শত্রুর বিপক্ষে যে কোনো পরিস্থিতি মোকাবেলার প্রয়াস নিয়ে শেপিং আপ, ডিটারেন্স, ডমিনেশন ও কালমিনেশন পেজ এ চারটি ধাপে ১৫ দিনব্যাপী এ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় নৌ বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ডসহ সব মেরিটাইম প্রতিষ্ঠানও অংশ নেয়।
