সিসিসির ৭১৬ কোটির টাকার প্রকল্প একনেকে অনুমোদন
চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) এ যাবৎ সবচেয়ে বড় প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার একনেকের সভায় সিটি করপোরেশন এলাকায় কালভার্ট, ড্রেন, ও প্রতিরোধ দেয়াল নির্মাণের সঙ্গে মহানগর এলাকায় বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত রাস্তার উন্নয়নে ৭১৬ কোটি টাকার এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
জানুয়ারি ২০১৭ সাল থেকে ডিসেম্বর ২০১৯ সাল- এই তিন বছরের মধ্যে এ প্রকল্প বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
জানতে চাইলে সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লেফট্যানেন্ট কর্নেল মহিউদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটি সিসিসির সবচেয়ে বড় প্রকল্প।
এ প্রকল্প বাস্তবায়ন হলে নগরীর ড্রেনেজ ব্যবস্থা, অভ্যন্তরীণ যোগাযোগের অবকাঠামোতে ব্যাপক পরিবর্তন আসবে বলে জানান তিনি।
“ড্রেনেজ সিস্টেমের উন্নতি হলে নগরীতে জলাবদ্ধতার প্রকোপ কমে যাবে। এছাড়াও নগরীর কাঁচা সড়কগুলো পাকা সড়কে রুপ নেবে। ওয়ার্ড পর্যায়ের মেইন ও সাবসিডিয়ারি সড়কগুলো মেরামত বা নির্মাণ করা হবে। সবমিলিয়ে পুরো নগরী এ প্রকল্পের সুবিধার আওতায় আসবে।”
প্রকল্পের ব্যয় ৭১৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার মধ্যে সরকার দিচ্ছে ৫৩৭ কোটি ২১ লাখ ৩৬ হাজার টাকা আর সিসিসি নিজস্ব তহবিল থেকে ব্যয় করবে ১৭৯ কোটি সাত লাখ ১২ হাজার টাকা।
‘চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় কালভার্ট, ড্রেন, ও প্রতিরোধ দেওয়াল নির্মাণ ও ‘চট্টগ্রাম মহানগর এলাকায় বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ রাস্তাসমূহের উন্নয়ন’ শীর্ষক দুইটি প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠায় সিসিসি।
এরপর প্রকল্প দুটি একীভূত করা হয় প্রি-একনেকের ২৩ অক্টোবরের সভায়। পরে মঙ্গলবার সেটি অনুমোদন দেয় একনেক।
