বিএমএ চট্টগ্রামের নির্বাচনে নাসির-মিনহাজ পরিষদের প্রার্থিতা ঘোষণা
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নির্বাচনে চট্টগ্রামে ডা. নাসির উদ্দিন মাহমুদ ও ডা. মিনহাজুর রহমান পরিষদ প্রতিদ্বন্দ্বিতার করার ঘোষণা দিয়েছে।
তাদের দাবি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয়ভাবে চট্টগ্রামে চিকিৎসকদের এই প্যানেলকে সমর্থন দিয়েছে।
শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে তাদের প্যানেল পরিচিতি অনুষ্ঠান করে একথা সাংবাদিকদের জানান বিএমএ নির্বাচনে কেন্দ্রীয় সহ-সভাপতি প্রার্থী স্বাচিপ চট্টগ্রাম জেলার সভাপতি ডা. শেখ শফিউল আজম।
আগামী ২২ ডিসেম্বর বিএমএ কেন্দ্রীয় ও চট্টগ্রাম শাখার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মুক্তিযুদ্ধের চেতনায় আত্মমর্যাদাশীল পেশাজীবী পেশাজীবী সংগঠন গড়ে তোলাই নিজেদের লক্ষ্য মন্তব্য করে স্বাচিপ কেন্দ্রীয়ভাবে চট্টগ্রামে এই পরিষদকে সমর্থন দিয়েছেন বলেও দাবি করেন ডা. শেখ শফিউল আজম।
তিনি জানান, এই প্যানেলের নেতারা গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর সাথে যোগাযোগ করেছেন।
বিএমএ চট্টগ্রামের নির্বাচনে এ প্যানেলের প্রতি তাদের সমর্থন রয়েছে বলেও দাবি করেন ডা. শফিউল।
অনুষ্ঠানে ডা. নাসির- ডা. মিনহাজ পরিষদের পক্ষে ১১টি প্রতিশ্রুতি সম্বলিত নির্বাচনী ইশতেহারও ঘোষণা করা হয়।
বিএমএ চট্টগ্রাম শাখার নির্বাচনে ডা. মুজিবুল হক খান-ডা. ফয়সাল ইকবাল চৌধুরীর নেতৃত্বে সরদারদলীয় চিকিৎসকদের অপর একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
এ প্যানেলকে সমর্থন দিয়েছেন চট্টগ্রামের বর্তমান মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। এ প্যানেল থেকেই সহ-সভাপতি প্রার্থী হয়েছেন মহিউদ্দিন চৌধুরীর মেয়ে জামাই ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আখতার চৌধুরী।
ডা. নাসির-মিনহাজ পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠানে ঘোষিত ইশতেহারে পেশাজীবী হিসেবে চিকিৎসকদের মান মর্যাদা রক্ষার পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের কাজ ত্বরান্বিত করা, জেনারেল হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে উদ্যোগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৫০০ শয্যার অপর একটি হাসপাতালে নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়নের উদ্যোগের কথা রয়েছে।
অনুষ্ঠানে বিএমএ চট্টগ্রাম শাখার নির্বাচনে এ প্যানেল থেকে সাধারণ সম্পাদক প্রার্থী আ ম ম মিনহাজুর রহমান বলেন, গতবারে বিএমএর নির্বাচনে সংগঠিত অনাকাঙ্খিত ঘটনা রোধে এ প্যানেল থেকে নির্বাচন কমিশনের কাছে অতিরিক্ত জেলা প্রশাসক মর্যাদার একজনের নেতৃত্বে পাঁচজন ম্যাজিস্ট্রেট নিয়োগের দাবি করেছি।
এছাড়া ভোটারদের নিরাপত্তা এবং সুষ্ঠু ভোটের জন্য ভোটকেন্দ্র এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানোর দাবি করা হয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতি প্রার্থী ডা. নাসির উদ্দিন মাহমুদ, স্বাচিপ চট্টগ্রাম জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আ ন ম ফারুকুর রশিদ, কোষাধ্যক্ষ প্রার্থী ডা. মোহাম্মদ সেলিম, সহ-সভাপতি প্রার্থী ডা. মোহাম্মদ আবদুর রউফ, আবু মনসুর মো. নিজামুদ্দিন খালেদ, যুগ্ম সম্পাদক প্রার্থী মেজবাহ উদ্দিন খালেদ, সাংগঠনিক সম্পাদক প্রার্থী ডা. বিপ্লব পালিত উপস্থিত ছিলেন।
