চট্টগ্রামে পুড়েছে ধানের গোলা, দোকান, বসত ঘর
চট্টগ্রামের ফটিকছড়ি ও রাঙ্গুনিয়া উপজেলায় আগুনে পুড়ে গেছে ধানের গোলা, দোকান ও বসত ঘর।
বৃহস্পতিবার গভীর রাত ও শুক্রবার ভোরের দিকে ফটিকছড়ি উপজেলার ছাদেক নগর ও রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সোয়া ৪টার দিকে ফটিকছড়ি ছাদেক নগর ইউনয়নের একটি বাড়ির ধানের গোলায় আগুন লাগে।
কীভাবে সেখানে আগুন লেগেছিল তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমানও বলতে পারেননি নজরুল।
অন্যদিকে রাঙ্গুনিয়া্ উপজেলার পোমরা ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় আগুন লেগে দুটি বসত ঘর ও তিনটি দোকান পুড়ে কমপক্ষে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
নজরুল বলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হলে দুটি মুদির দোকান একটি স্টেশনারি দোকান এবং দুটি বসত ঘর পুড়ে যায়।
রাত সোয়া ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের দুটি গাড়ি ভোর পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
