২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিসিএসআইআর এ ড্রাগ ডিজাইন ল্যাবরেটরি উদ্বোধন

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চট্টগ্রাম কেন্দ্রে ‘মলিকিউল্যার মডেলিং অ্যান্ড ড্রাগ ডিজাইন ল্যাবরেটরির’ (এমএমডিডিএল) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2016, 08:20 PM

Updated : 11 Oct 2022, 09:23 PM

এই ল্যাবরেটরি ব্যবহার করে বিজ্ঞানীরা কম্পিউটারের সহায়তায় নতুন ওষুধ আবিষ্কার এবং ড্রাগ ডিজাইন এর কাজ করবেন।

বুধবার সকালে বালুছড়ায় বিসিএসআইআর চট্টগ্রাম কেন্দ্রে ল্যাবরেটরির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এমএমডিডিএল প্রকল্পের প্রধান ও বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিসিএসআইআর এ ওষুধী গাছ নিয়ে নতুন ওষুধ আবিষ্কারের জন্য আমরা কাজ করি। এটা বাংলাদেশে প্রথম ‘ড্রাই ল্যাব’।

“এখানে কম্পিউটাররে মাধ্যমে মডেল তৈরি করে মানব শরীরে নতুন ওষুধের প্রভাব পরীক্ষা করা হবে, যা বাস্তব প্রয়োগের অনেকটাই কাছাকাছি ফলাফল দেবে। এতে কম খরচে এবং স্বল্প সময়ে ড্রাগ ডিজাইন ও ওষুধ আবিষ্কার সম্ভব হবে।”

এমএমডিডিএল এ একসঙ্গে ১৫ জন বিজ্ঞানী কাজ করতে পারবেন বলেও জানান জাহিদ হোসেন।

তিনি বলেন, গত প্রায় এক বছর ধরে ল্যাবরেটরিটিতে ২০০ শিক্ষার্থী-শিক্ষক-গবেষক প্রশিক্ষণ নিয়েছেন। আজ আনুষ্ঠানিক উদ্বোধন হলো। প্রতি বছর চার বার এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হবে।

বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিসিএসআইআর এর চেয়ারম্যান মো. ফারুক আহমেদ বলেন, এই গবেষণাগার আধুনিক প্রযুক্তি সংবলিত। যুগোপযোগী গবেষণার এক কেন্দ্রে পরিণত হবে এই ল্যাবরেটরি।

অনুষ্ঠানে তিনি বাংলাদেশে প্রথম উদ্ভিদ থেকে প্রাপ্ত বায়োএকটিভ যৌগের ভার্চুয়াল ডাটাবেস, বিসিএসআইআর চট্টগ্রাম ও এমএমডিডিএলর ওয়েবসাইট উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর ল্যাবরেটরির সচিব খলিলুর রহমান।

বিসিএসআইর ল্যাবরেটরি চট্টগ্রাম এর পরিচলাক মাহমুদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা হাবিবুর রহমান ভুঁঞা ও ড. মোহাম্মদ মোস্তফা।

‘ফার্মসিউটিক্যাল ড্রাগ ডিস্কোভারির ক্ষেত্রে কম্পিউটারের সহায়তায় ড্রাগ ডিজাইন ও উন্নয়ন’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমএমডিডিএল প্রকল্পের প্রধান ও বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম জাহিদ হোসেন।