ঋণ জালিয়াতির অভিযোগে কমার্স ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
ঋণ জালিয়াতির অভিযোগে ঢাকায় কর্মরত বাংলাদেশ কমার্স ব্যাংকের এক কর্মকর্তাকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে দুদক।
গ্রেপ্তার আলমগীর হোসেন কর্মাস ব্যাংক ঢাকা প্রধান কার্যালয়ের ফাস্ট এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকা থেকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম অঞ্চলের পরিাচলক আবু সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আলমগীর হোসেন ২০১৩ সালে চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক থাকার সময়ে জালিয়াতি করে ২৯ লাখ ৬৬ হাজার টাকা ঋণের ঘটনায় চার লাখ ৮১ হাজার টাকা আত্মসাৎ করেন।
ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতি করে অর্থ আত্মসাতের অভিযোগে মঙ্গলবার কোতয়ালি থানায় একটি মামলা হয় জানিয়ে তিনি বলেন, এ অভিযোগে তিনি দুদক কার্যালয়ে আসলে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরীর আাদলতে হাজির করা হলে তিনি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু।
