২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর মতো সিসিসি পরিচালনায় সফল হতে চান নাছির

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার মতো চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালনায় ‘সফল’ হতে চান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2016, 08:51 PM

Updated : 12 Apr 2022, 03:24 AM

মঙ্গলবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সিসিসির প্রকৌশল বিভাগ আয়োজিত ‘সড়ক নির্মাণ ও মান নিশ্চিত করণ’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি।

সিটি মেয়র আ জ ম নাছির বলেন, “প্রধানমন্ত্রী শূন্যস্থান থেকে দেশকে সম্ভাবনার জায়গায় নিয়ে এসছেন। উনার তুলনায় আমার দায়্ত্বি অনেক ক্ষুদ্র।

“আমি একজন উনার ফলোয়ার। উনি পারলে আমি পারব না কেন! আমাকে পারতে হবে।”

সিসিসির উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছেন দাবি করে আ জ ম নাছির বলেন, অনেকে অনেকভাবে আওয়ামী লীগের সমালোচনা করে, তার কারণও আছে। কিন্তু প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে সমালোচনা সুযোগ কেউ পায়নি।

“ঠিক একইভাবে আমিও এমনভাবে আমার দায়িত্ব পালন করে যাচ্ছি, যাতে কেউ কোনোদিন কোনো অনিয়ম ও দুর্নীতির দায়ে চুল পরিমাণ আমার সমালোচনা করতে না পারে।”

সিসিসির প্রকৌশল বিভাগকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিহিত করে তিনি বলেন, “আমি যখন দায়িত্ব নেই তখন প্রকৌশল বিভাগের চিত্র ছিল হতাশাব্যঞ্জক। যোগ্য লোকবলের অভাব আছে এ বিভাগে।”

এ বিভাগকে ঢেলে সাজাতে পুরনো অর্গানোগ্রামকে বড় বাধা মন্তব্য করে মেয়র নাছির বলেন, ১৯৮৮ সালের যে অর্গানোগ্রামে সিসিসি চলছে সেটারও কোনো চূড়ান্ত অনুমোদন নেই। নতুন করে নিয়োগবিধি চূড়ান্ত করা হচ্ছে।

“বাস্তবতার নিরিখে নতুন একটি নিয়োগবিধি তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এটা দীর্ঘ প্রক্রিয়া। কমপক্ষে পাঁচটি মন্ত্রণালয়ের অনুমোদনের পর একটি কার্যকর হবে।”

উন্নয়ন কাজ নিশ্চিত করতে নতুন দুটি খাল খননসহ বেশ কয়েকটি ডিপিপি তৈরি হচ্ছে আর কিছু প্রি-একনেকে অনুমোদন পেয়ে একনেকে উঠার অপেক্ষায় আছে বলে অনুষ্ঠানে জানান তিনি।

সড়ক তৈরিতে বিভিন্ন ডিজাইন, পদ্ধতি ও রক্ষণাবেক্ষনে কারিগরি নানান বিষয়ে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিসিসির প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমদ।

আ জ ম নাছির বলেন, একসময় অভিযোগ শোনা যেত সিসিসির কাজগুলো অত্যন্ত নিম্নমানের হয়। দুর্নীতিও হয় প্রচুর।

তিনি বলেন, যতক্ষণ কাজ চলবে সুপারভাইজরদের ততক্ষণ মাঠে থাকতে হবে কাজ তদারকি করার জন্য। ফাঁকিবাজি করে বেতন নেওয়ার সুযোগ নেই। কাজ না করলে চাকরি ছেড়ে চলে যেতে হবে।

মেয়রকে নগরপিতা বলে অভিহিত করা হলেও একসময় কেউ (সরকারি অন্যান্য সংস্থা) পিতাকে পাত্তা না দেওয়ায় সে নামকরণকে ‘তামাশা, কৌতুক ও প্রহসন’ বলে অভিহিত করেন নাছির।

“যদিও আইনে আছে মেয়র বা সিসিসির অনুমোদন ছাড়া কেউ কোনো উন্নয়ন কাজ করতে পারবে না, তবুও সরকারি সংস্থাগুলো এ বিষয়ে সিসিসির অনুমোদন নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করত না। মেয়র বা সিসিসিকে কেউ কখনো ন্যূনতম গুরুত্বও দিত না।”

সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিপত্রের প্রেক্ষাপটে এখন আর সে অবস্থা নেই জানিয়ে মেয়র বলেন, সিসিসির অনুমোদন ছাড়া কেউ কোনো উন্নয়ক কাজ করতে পারবে না। করলে অবশ্যই সিসিসির অনুমোদন নিতে হবে।

অনুষ্ঠানে সিসিসির প্রাক্তন প্রধান প্রকৌশলীদের সম্মাননাও দেন মেয়র।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রকৌশলী আলী আশরাফ, চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার ও সিসিসির সচিব আবুল হোসেন উপস্থিত ছিলেন।