২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের আশ্রয় দিতে সরকারের প্রতি আহ্বান চট্টগ্রাম বিএনপির

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা নির্যাতনের শিকার রোহিঙ্গাদের আশ্রয়, খাদ্য, নিরাপত্তা ও সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম নগর বিএনপি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2016, 08:39 PM

Updated : 20 Aug 2022, 02:21 PM

মঙ্গলবার নগরীর কাজীর দেউড়ির দলীয় কার্যালয়ের সামনে রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধন থেকে এ আহ্বান জানান চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন।

তিনি বলেন, যদিও প্রধানমন্ত্রী বিশ্ব দরবারে মানবতার কথা বলে বেড়ান কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্রের রোহিঙ্গাদের উপর চলমান হত্যা ও নির্যাতনের বিষয়ে তিনি কোনো কথা বলছেন না।

“আমরা অনতিবিলম্বে সরকারকে এ গণহত্যা বন্ধ করা ও রোহিঙ্গাদের নিরাপত্তা বিধানে সরকারের দ্রুত পদক্ষেপ আশা করছি। আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ারও ব্যবস্থা নিতে হবে সরকারকে।”

রোহিঙ্গারা যাতে নিজ দেশে মর্যাদার সাথে ফিরে যেতে পারে সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

রাখাইন রাজ্যে মানবতা চরম পর্যায়ে অভিহিত করে শাহাদাত বলেন, প্রতিটি বিবেকবান মানুষেরই এ নির্মম হত্যাযজ্ঞের নিন্দা জানানো উচিত।

তিনি বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সাং সুচির নেতৃত্বে এ হত্যাযজ্ঞ সংগঠিত হচ্ছে। তাই সুচি’র নোবেল পুরস্কার ফিরিয়ে নিতে হবে।

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি ইদ্রিচ মিয়া, পেশাজীবী ও ড্যাব (ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) নেতা ডা. খুরশিদ জামিল ও বিএনপি নেতা সামশুল আলম।