দিয়াজের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি চবি শিক্ষক সমিতির
ছাত্রলেীগ নেতা দিয়াজ ইরফানের ‘অনাকাঙ্খিত মৃত্যু’র ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এক বিবৃতিতে এ মৃত্যুর ঘটনায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধও জানায়।
সমিতির সভাপতি এএফএম আওরঙ্গজেব ও সাধারণ সম্পাদক সুকান্ত ভট্টচার্য স্বাক্ষরিত ওই বিবৃতিতে দিয়াজের অনাকাঙ্খিত মৃত্যু ও এরপর উদ্ভূত পরিস্থিতিতে গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করা হয়।
এতে বলা হয়, “এ ঘটনা বর্তমানে সিআইডি তদন্ত করছে। আমরা তদন্তকারী সংস্থার কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানাচ্ছি।”
একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ রক্ষায় বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানানো হয় বিবৃতিতে।
এতে বিশ্বদ্যিালয়ের চলমান গবেষণা, শিক্ষা কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয় এজন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করা হয়।
একইসাথে ক্যাম্পাসে শিক্ষাবান্ধব পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান শিক্ষক সমিতির নেতারা।
গত ২০ নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট এলাকার নিজ বাসা থেকে চবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনার পর তার অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীরা দাবি করে, টেন্ডার নিয়ে জটিলতার জেরে দিয়াজকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এর প্রতিবাদে দিয়াজের অনুসারীরা বিশ্ববিদ্যালয়মুখী শাটল ট্রেন ও বাস চলাচলে বাধা দিয়ে প্রতিবাদ জানায়।
ছাত্রলীগের অপর একটি গ্রুপকে সহায়তা দেওয়ার অভিযোগ ওঠে সহকারী প্রক্টর আনোয়ার হোসেনের বিরুদ্ধে।
কিন্তু ২৩ নভেম্বর ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, দিয়াজ আত্মহত্যা করেছেন।
ওই প্রতিবেদন প্রত্যাখান করে দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী ২৪ নভেম্বর চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন, যাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা জামশেদুল আলম চৌধুরী, সহকারী প্রক্টর আনোয়ার হোসেন, ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুসহ ১০ জনকে আসামি করা হয়।
দিয়াজের হত্যার বিচার ও হত্যাকারীদের গ্রেপ্তার দাবি করে তার অনুসারীরা রোববার থেকে ক্যাম্পাসে অবরোধের ডাক দেয়। সোমবার শিক্ষক আনোয়ার হোসেনকে সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে সরানো হলে দিয়াজের অনুসারীরা তাদের অবরোধ স্থগিত করে।
