চট্টগ্রামে ইয়াবাসহ এএসআই আটক
চট্টগ্রাম নগরীতে ১৭০০ ইয়াবা বড়িসহ তিনজনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে পুলিশের একজন এএসআই আছেন।
শনিবার সন্ধ্যার দিকে নিউ মার্কেট এলাকা সংলগ্ন অমরচাঁদ রোড থেকে বাকলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিদোয়ানুল ইসলামসহ ওই তিনজনকে আটক করা হয় বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার কর্মকর্তারা জানিয়েছেন।
আটক অন্য দুজন হলেন- জেরিন ও জিল্লুর। তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের গোয়েন্দা শাখার সহকারী পরিচালক জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাইভেট কারসহ আমরা তিনজনকে ১৭০০ ইয়াবাসহ আটক করেছি।”
এই ঘটনায় কোতয়ালী থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলার কথা মধ্যরাতে জানান তিনি।
পুলিশ সদস্যসহ তিনজনকে আটকের পর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা রিদোয়ানুলের পরিচয় নিশ্চিত করেন।
রিদোয়ান নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে গত ১৮ নভেম্বর থেকে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন বলে অপর এক পুলিশ কর্মকর্তা জানান।
