চট্টগ্রামে ১৯ শ্রমিকের পরিবারকে বিজিএমইএর গ্রুপ বিমার চেক
চট্টগ্রামের বিভিন্ন গার্মেন্টসে চাকরি করা অবস্থায় মারা যাওয়া ১৯ শ্রমিকের পরিবারের সদস্যদের গ্রুপ বিমার চেক দিয়েছে বিজিএমইএ।
শনিবার বিকালে নগরীর খুলশীতে বিজিএমইএর কার্যালয়ে সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মঈনউদ্দিন আহমেদ মিন্টু মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের কাছে এ অর্থ দেন।
এসময় তিনি বলেন, শ্রমিকরা গার্মেন্টস শিল্পের প্রাণশক্তি। তাদের ভাল-মন্দের সাথে এ শিল্পের ভাল-মন্দও জড়িত। তাই বিজিএমইএ শ্রমিকদের কল্যাণে সম্ভাব্য সব রকম কল্যাণ কর্মসূচি বাস্তবায়ন করছে।
চট্টগ্রামে বিশেষ করে নারী শ্রমিকদের নিরাপদ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিজিএমইএর প্রতিষ্ঠিত হাসপাতাল এবং নিরাপদ বাসস্থানের জন্য ডরমেটরি বাস্তবায়নের কথা উল্লেখ করেন তিনি।
এসময় বিজিএমইএর সহ-সভাপতি মোহাম্মদ ফেরদৌস, পরিচালক আ ন ম সাইফউদ্দিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১৬ গার্মেন্টসের ১৯ জন মৃত শ্রমিক ও কর্মচারীর ওয়ারিশদের কাছে গ্রুপ বিমায় থেকে প্রত্যেককে দুই লাখ টাকা করে মোট আটত্রিশ লাখ টাকার চেক দেওয়া হয়।
