রোহিঙ্গাদের বাস্তুচ্যুত করা মানবতা বিরোধী অপরাধ: মহিউদ্দিন
মিয়ানমারে দীর্ঘদিন ধরে নির্যাতন ও নিপীড়ন চালিয়ে যেভাবে রোহিঙ্গাদের বাস্তুচ্যুত করা হচ্ছে তা মানবতা ও সভ্যতা বিরোধী অপরাধ বলে মন্তব্য করেছেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
শুক্রবার দুপুরে লালদীঘি জামে মসজিদের সামনে মু্ক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের উদ্যোগে আয়োজিত গণমিছিল পূর্বক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
‘রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর হত্যা, ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে’ এ কর্মসূচির আয়োজন করে চট্টগ্রামে বিজয় মেলার আয়োজনকারী এ সংগঠন।
সমাবেশে নগর আওয়ামী লীগ সভাপতি ও বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠী সেই অঞ্চলের অধিবাসী।
“তারা জন্মসূত্রে সেদেশের নাগরিক। মিয়ানমারের শাসকগোষ্ঠী দীর্ঘদিন ধরে যেভাবে নির্যাতন, নিপীড়ন চালিয়ে তাদের বাস্তুচ্যুত করছে তা মানবতা ও সভ্যতা বিরোধী অপরাধ।”
“এক্ষেত্রে জাতিসংঘের উদ্যোগী পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে। রোহিঙ্গাদের ত্রাণের নামে কেউ কেউ চাঁদাবাজিও করছেন। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংস্থা রোহিঙ্গাদের ত্রাণ দিয়ে দেখভাল করছে।”
সমাবেশে বক্তব্য রাখেন বিজয় মেলা পরিষদের মহাসচিব মো. ইউনুছ, মুক্তিযোদ্ধা এনামুল হক চৌধুরী, নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ, সম্পাদকমণ্ডলীর সদস্য ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, আব্দুল আহাদ, যুবলীগ আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু ও যুগ্ম ফরিদ মাহমুদ, মো. সালাউদ্দিন, আরশেদুল আলম বাচ্চু ও হাবিবুর রহমান তারেক।
