ইউডিইউতে ভর্তি মেলা শুরু শনিবার
শিক্ষা কার্যক্রমের পূর্ণাঙ্গ তথ্য নিয়ে ভর্তি মেলার আয়োজন করছে চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট-ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)।
চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ে নিজস্ব ক্যাম্পাসে শনিবার এ মেলা শুরু হবে বলে ইডিইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে।
মেলায় স্পট অ্যাডমিশন, স্কলারশিপ, ক্যাম্পাস জব, ক্যারিয়ার প্লেসমেন্ট সেল, ক্রেডিট ট্রান্সফার, বিদেশি ইউনিভার্সিটির সঙ্গে যৌথ শিক্ষা কার্যক্রমসহ নানান তথ্য থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ভর্তি মেলা সম্পর্কে বিজ্ঞপ্তিতে ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, ইডিইউতে উচ্চ শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা নিজেদের পছন্দের বিষয় নির্ধারণ করে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
পছন্দের বিষয়ের ক্যারিয়ার গড়ার সম্ভাবনা ও পেশা সংক্রান্ত তথ্যও দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানান তিনি।
বিবিএ, এমবিএ, অর্থনীতি, ইংরেজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ইডিইউতে ভর্তি হওয়া যাবে।
