চট্টগ্রামে ৪১ করদাতাকে সম্মাননা
চার ক্যাটাগরিতে ৪১ করদাতাকে সম্মাননা দিয়েছে চট্টগ্রাম কর কমিশন।
বৃহস্পতিবার নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৪১ করদাতার হাতে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
ভূমি প্রতিমন্ত্রী একই সঙ্গে আয়কর সপ্তাহেরও উদ্বোধন করেন। আয়কর সপ্তাহে চট্টগ্রাম চারটি কর অঞ্চলের ৮৮টি সার্কেলে আয়কর গ্রহণ করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
প্রতিমন্ত্রী সাইফুজ্জামান বলেন, “চট্টগ্রাম যেহেতু বাণিজ্যের প্রধান কেন্দ্র, স্বভাবতই প্রত্যাশা থাকে চট্টগ্রামের কর প্রদানে এগিয়ে আসবে।”
কর প্রদান প্রক্রিয়ায় তথ্য প্রযুক্তির ছোঁয়া লাগায় মানুষ কর প্রদানে উৎসাহী হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের অর্থনীতির আকার বড় হওয়ার বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “এক সময়ের বিদেশি সাহায্য ছাড়া বাংলাদেশ চলতে পারত না, আজ সেটা ইতিহাস। আমরা আজ স্বনির্ভরশীলতার পর্যায়ে পৌঁছে গেছি। বিশ্ব ব্যাংকের সহায়তা প্রত্যাখ্যান করার মতো অর্থনৈতিক সক্ষমতা বাংলাদেশের তৈরি হয়েছে।”
করদাতার সংখ্যা বাড়ানোর সঙ্গে কর দেওয়ার প্রক্রিয়াটি জটিলতামুক্ত করতে এনবিআরের প্রতি আহ্বান জানান তিনি।
সম্মাননা পাওয়া করদাতা তাহসিন জুহায়ের তাহের আলী বলেন, দেশের অর্থনীতি ও উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল রাখতে কর ভূমিকা রাখে।
“এ ধরনের আয়োজন করদাতাদের আরও বেশি উৎসাহ দেয় কর প্রদানে। আয়কর প্রদান নৈতিক দায়িত্ব। স্বচ্ছল সবারই সে দায়িত্ব পালনে এগিয়ে আসা উচিৎ।”
অনুষ্ঠানে দীর্ঘ সময় ধরে করদাতা, সর্বোচ্চ করদাতা, সর্বোচ্চ নারী করদাতা ও সর্বোচ্চ তরুণ করদাতা- এ চারটি ক্যাটাগরিতে চট্টগ্রাম সিটি করপোরেশন, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার মোট ৪১ জনকে সম্মাননা দেওয়া হয়।
২০১৫-২০১৬ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন কর অঞ্চলে দীর্ঘ সময় কর প্রদানকারী হিসেবে সম্মাননা পান এনামুল হক ও আহমেদ হোসেন।
সর্বোচ্চ করপ্রদানকারী মো. নাছির উদ্দিন, মাস্টার আবুল কাশেম ও ফারহানা মোনেমকে সম্মাননা দেওয়া হয়।
এ অঞ্চল থেকে সর্বোচ্চ কর প্রদানকারী নারী হিসেবে তাহসিন জোহায়ের তাহের আলী এবং তরুণদের মধ্যে সর্বোচ্চ করদাতার সম্মাননা পান শিহাব উদ্দিন।
চট্টগ্রাম জেলার দীর্ঘ সময় ধরে করপ্রদানকারীরা হলেন গোবিন্দ প্রসাদ দে ও বরুণ কান্তি ঘোষ। সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মাননা পান শাহ শফিকুল ইসলমা, মো. আবুল কাশেম ও আমীর আলী হোসেন। সর্বোচ্চ নারী করদাতার সম্মাননা পান লুনা শ্রাবনী বড়ুয়া, সর্বোচ্চ তরুণ করদাতা হলেন শেখ নবী।
কক্সবাজার জেলার দীর্ঘ সময় করপ্রদানকারী হলেন স্বপন কুমার দাশ ও অনীল কান্তি ধর। নারীদের মধ্যে সর্বোচ্চ করদাতা হলেন কামরুন নাহার। সর্বোচ্চ করপ্রদানকারী হলেন- আতিকুল ইসলাম, মো. আলমগীর ও আব্দুস শুক্কুর। এছাড়াও সর্বোচ্চ তরুণ করদাতা হলেন আসাদ উল্লাহ।
রাঙামাটি জেলার দীর্ঘ সময় করদাতা হলেন- জয়নাল আবেদিন। সর্বোচ্চ করদাতা হলেন লোকমান হোসেন তালুকদার, মো. শফিকুল ইসলাম ও তৈয়ব হোসেন মামুন। সর্বোচ্চ নারী করদাতা হলেন রুবি খান ও সর্বোচ্চ তরুণ করদাতা হলেন আনোয়ার হোসেন।
বান্দরবান জেলার দীর্ঘ সময় করপ্রদানকারী হলেন মো. আব্দুর শুক্কুর ও মাহাবুবুর রহমান। সর্বোচ্চ করদাতা হলেন মো. আব্দুর শুক্কুর, অঞ্জন কান্তি দাশ ও মাহাবুবুর রহমান। সর্বোচ্চ নারী করদাতা হলেন কাজী কানিজ ফাতেমা ও সর্বোচ্চ তরুণ করদাতা হলেন মো. মিলন।
খাগড়াছড়ি জেলার সর্বোচ্চ করদাতা হলেন ফরিদা আক্তার, মো. দিদারুল আলম ও আবুল কাশেম ভূঁইয়া। দীর্ঘ সময় কর প্রদানকারী হলেন রাজিয়া আক্তার ঝর্না ও অমল ঘোষ। সর্বোচ্চ নারী করদাতা হলেন সাহেদা নাসরিন চৌধুরী আর সর্বোচ্চ তরুণ করদাতা মনোনীত হয়েছেন মো. আনোয়ার হোসেন।
