বন্দরে ৭ নৌযান ও ২ ড্রেজারকে জরিমানা
কয়েকটি অনিয়মে সাত নৌযান ও দুই ড্রেজারকে দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে চট্গ্রাম বন্দর কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভিন এ অভিযান পরিচালনা করেন বলে সিপিএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অতিরিক্ত মালামাল বোঝাই, মেয়াদ-উত্তীর্ণ জীবন রক্ষাকারী সরঞ্জাম, উপকূল অতিক্রমের সনদ না থাকা ও কর্ণফুলি নদীর চ্যানেলে জাহাজ রেখে প্রতিবন্ধকতার সৃষ্টির অপরাধে সাত জাহাজকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাহাজগুলো হল- এমভি মা-বাবার দোয়া, এমভি শান্তনু-১, এমভি এন এ-৬, এমভি বর্ষা-৩, এমভি প্রিমা-১, এমভি নূরএ তাবাচ্ছুম ও ওটি করিম-৫।
এছাড়া অনুমতি ছাড়া কর্ণফুলি নদীতে ড্রেজিং করায় ড্রেজার ‘আল্লাহ মেহেরবান’ ও ‘এমভি মায়ের হাসি’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
