আবৃত্তি সংগঠন প্রমার ২৫ বছর পূর্তি উৎসব শুরু
যে আবহাওয়ায় দেশে জঙ্গিবাদের উত্থান ঘটছে সেটাকে মোকাবেলায় সাংস্কৃতিক আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
বুধবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আবৃত্তি সংগঠন প্রমার ২৫ বছর পূর্তিতে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ধর্মের নামে দেশে-বিদেশে মানুষ হত্যা চলার বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনীতিক দলগুলো তাদের মতো করে কাজ করে গেলেও সাংস্কৃতিক কর্মীদের দায়িত্ব আরও বেশি বলে মনে করেন মন্ত্রী।
তিনি বলেন, “ধর্মের নামে মানুষ হত্যা চলছে দেশে-বিদেশে। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজ করে যাচ্ছে, রাজনৈতিক দলগুলোও তাদের মত করে কাজ করছে।
“কিন্তু সংস্কৃতি কর্মীদের দায়িত্ব আরও বেশি। জঙ্গিবাদের আবহাওয়াকে মোকাবেলায় সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বেগবান করে তুলতে হবে শুধু শহরে নয়, গ্রামে-গঞ্জেও।”
“যারা সে পরিবেশ তৈরি করছে তারা এ সমাজের মধ্যেই আছে। মুক্তিযুদ্ধের দল ক্ষমতায় থাকলেও সাম্প্রদায়িক শক্তি বসে নেই। তারা নানান ষড়যন্ত্র করে চলেছে।”
জঙ্গিবাদ নির্মূলের অঙ্গীকারকে শুধু বক্তৃতায় সীমাবদ্ধ না রেখে ব্যক্তি জীবন, সামাজিক জীবনে সেটার প্রতিফলন রাখার আহ্বান জানান জানান তিনি।
এদেশের মানুষ জঙ্গিবাদকে প্রত্যাখ্যান করেছে জানিয়ে মন্ত্রী বলেন, “জঙ্গিবাদ শুধু মানুষ প্রত্যাখ্যান করেছে তা নয়, জঙ্গিদের পরিবারও তাদের মৃতদেহ নিতে অস্বীকার করেছে। এটা কম কথা না কিন্তু।”
শিশুদের লেখাপড়ার নামে বইয়ে বন্দি করে রাখার সমালোচনাও করেন তিনি।
“আমরা কোচিং, স্কুল, প্রাইভেট আর কার্টুন দেখা এগুলোর মধ্যে শিশুর জগতকে বন্দি করে ফেলছি। এ শিশুদের জীবনে ফুল-পাখি-আকাশ-প্রকৃতির কোনো স্থান নেই। কিভাবে সাংস্কৃতিক চেতনার বিকাশ ঘটবে আমাদের শিশুদের মধ্যে?”
জিপিএ-৫ পাওয়ার নামে সন্তানদের উপর যে চাপ দেওয়া হয় সেটাকে জিপিএ-৫ নির্যাতন বলেও অভিহিত করেন তিনি।
“শিশুরা যখন বড় হয় তখন যোগ হয় জিপিএ-৫ নির্যাতন। বাচ্চাদের নিজস্ব জগৎ সেটাকে আমরা তছনচ করে দিচ্ছি। সৃষ্টিশীলতার সাথে তাদের বিকাশের পথকে রুদ্ধ করছি আমরা আমাদের ইচ্ছেগুলোকে চাপিয়ে দিয়ে।”
বক্তৃতার আগে বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন আসাদুজ্জামান নূর।
‘প্রেমে দ্রোহে সংগ্রামে আবৃত্তির প্রাঙ্গণে প্রমার ২৫ বছর’ শিরোনামে তিন দিনব্যাপী এ উৎসব শেষ হবে শুক্রবার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেন, বাংলা কবিতার ইতিহাস মানুষকে জাগিয়ে তোলার ইতিহাস। ষোড়শ শতাব্দিতে আমরা চণ্ডিদাসের উচ্চারণে সেটার প্রমাণ পাই।
“কবিতার এখনো করার অনেক কিছু আছে। যে কালো ছায়া আমাদের অসাম্প্রদায়িক, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের উপর আজ পড়েছে সেটা কবিতার শক্তি দিয়েই নির্মূল করতে হবে।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) ড. মাহবুবুল হক, ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, শহীদজায়া বেগম মুশতারী শফি বক্তব্য রাখেন।
এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, পশ্চিমবঙ্গের তারা টিভির পরিচালক দীপঙ্কর নাগ, সঞ্জয় মান্না, আগরতলার ভুবেনশ্বরী টিভি চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক মনীষা পাল চৌধুরী।
